বিডিআর বিদ্রোহ মামলা: রাঙামাটিতে ১৮ ব্যাটালিয়নের আরও ১০ জনের সাক্ষ্য গ্রহণ
বিডিআর বিদ্রোহ মামলায় রাঙামাটির ছোট হরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হলো। আজ মঙ্গলবার সকালে বিডিআর রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে এ সাক্ষ্য নেওয়া হয়। আজ সকাল নয়টায় আদালত শুরু হয়ে মাঝে তিনবার বিরতিসহ বিকেল পাঁচটা পর্যন্ত চলে। এ সময় আদালত একজন কর্মকর্তা ও বিভিন্ন পদবির ১৪ জন বিডিআর সদস্যের সাক্ষ্য নেন। পরে আগামীকাল বুধবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। বিডিআর রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান। অন্য সদস্যরা হলেন—লে. কর্নেল আবদুর নূর, মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ইজারুল হক আকন্দ। আর সরকারি কৌঁসুলি হিসেবে আছেন ১৮ রাইফেল ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান। তাঁকে সহায়তা করেন বিশেষ কৌঁসুলি সুপ্রিম কোর্টের আইনজীবী বেলায়েত হোসেন ও আমিনুর রহমান। আসামিদের আইনি সহায়তাকারী ছিলেন বিডিআরের কর্মকর্তা মেজর কায়সার জাহান আকন্দ। এ ছাড়াও আসামিদের আইনি সহায়তা করেন বেসরকারি আইনজীবী আবদুর রউফ ও কাজী বশির।