বিডিআর বিদ্রোহ মামলা: সিলেটে যুক্তিতর্ক শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় সিলেটের ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জন জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে।আজ বুধবার আদালত সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে মামলার পরবর্তী তারিখ ৩০ ডিসেম্বর ধার্য করে মুলতবি ঘোষণা করেন।আদালত সূত্রে জানা যায়, বিডিআর সিলেট সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৪-তে আজ সকাল সাড়ে আটটায় যুক্তিতর্ক শুরু হয়। এ সময় অভিযুক্ত ৬১ জওয়ানের মধ্যে ৩৪ জন দোষ স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে নির্দোষ দাবিদার ২৭ জনের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়।বিশেষ আদালত ১৪-এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। বিচারকাজে সহযোগী হিসেবে আছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহমদ ও লে. কর্নেল আখতারুজ্জামান এবং মেজর মাকসুদুল আলম। আর আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল্লাহ।প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের পরদিন ২৬ ফেব্রুয়ারি সিলেট সেক্টরে জওয়ানরা পিলখানার ঘটনার সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিদ্রোহ করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ১৯ অক্টোবর ৩৮ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জন বিডিআর জওয়ানের বিচারকাজ শুরু হয়। ২০ অক্টোবর তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের ওপর শুনানি শেষে আদালত ৬ ডিসেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল।