বিডিআর বিদ্রোহ সম্পর্কে একটি গোপনীয় তারবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ১ মার্চ ঢাকার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির লেখা একটি গোপনীয় তারবার্তার অংশবিশেষের অনুবাদ“২. (সি) শেখ হাসিনার সরকার বাংলাদেশ রাইফেলসের বিদ্রোহ দমন করার তিন দিন পর তিনি প্রায় ৫০০ সেনা কর্মকর্তার সামনে বক্তব্য দেন, যাঁরা আধা সামরিক সীমান্তরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে নিজেদের সহকর্মীদের হত্যাযজ্ঞের ঘটনায় এখনো শোকগ্রস্ত। (টীকা: বাংলাদেশ রাইফেলসের জওয়ানরা সেনাবাহিনীর অফিসারদের কমান্ডে চলেন। টীকা শেষ।) সেনা অফিসাররা মনে করেন, বিদ্রোহীদের সাধারণ ক্ষমার প্রস্তাব দেওয়া, তাদের বেতন-ভাতাসংক্রান্ত ক্ষোভ-অভিযোগের প্রতি সমর্থন ব্যক্ত করা এবং বাংলাদেশ রাইফেলসের নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরিবর্তে হাসিনার উচিত ছিল তাৎক্ষণিকভাবে বিদ্রোহীদের ওপর সামরিক আক্রমণ পরিচালনার নির্দেশ দেওয়া। অধিকাংশ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিদ্রোহের শুরুতে; সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক মহল মনে করে, আরও রক্তপাত যে এড়ানো গেছে, তার কৃতিত্ব হাসিনার (সংশ্লিষ্ট একাধিক তারবার্তা দ্রষ্টব্য)।৩. (সি) হাসিনা সেনাবাহিনীর অফিসারদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন কিছু অন্যান্য পদক্ষেপ গ্রহণের পর। সেগুলো হলো: হত্যাকাণ্ডগুলোর দায়ে সন্দেহভাজন বিদ্রোহীদের অবিলম্বে বিচার করার লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিদ্রোহের ঘটনা তদন্ত করার জন্য কমিটি গঠন এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোর জন্য নগদ অর্থ অনুদান প্রদান। কিন্তু এসব পদক্ষেপ সেনানিবাসকে শান্ত করতে পারেনি। (টীকা: হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী দূতাবাসের কর্মকর্তাকে বলেন, হাসিনার মন্ত্রিসভা তাঁকে ওই সভায় না যাওয়ার পরামর্শ দিয়েছিল। টীকা শেষ।) তারেক সিদ্দিকী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী—এই দুজন ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে হাসিনা প্রায় ৫০০ সামরিক অফিসারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এবং সেখানে তিনি বারবার গালাগালির (ভারবাল অ্যাবিউজ) শিকার হন। তারেক সিদ্দিকী আমাদের বলেন, ওই সমাবেশে তিনি অনেক কট্টর আওয়ামী লীগবিরোধী অফিসারকে শনাক্ত করতে পেরেছেন, যাঁদের অনেকেই হাসিনাকে ‘আলোচ্য বিষয়ের’ বাইরে টেনে নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, অত্যন্ত উত্তপ্ত বাক্যবিনিময়ের পর মোনাজাতের মাধ্যমে বৈঠক শান্তভাবে শেষ হয়। তবু, তিনি বলেন, হাসিনার যে কোনো ক্ষতি করা হয়নি, তাতে তিনি (তারেক সিদ্দিকী) বিস্মিত হয়েছেন।৪. (সি) বৈঠকটি সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না, তবে একাধিক সূত্র থেকে বলা হয়, কয়েকজন সেনা অফিসার সরকারের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবি তোলেন, যাঁরা বাংলাদেশ রাইফেলসের বিদ্রোহীদের সঙ্গে সংলাপের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। উত্তেজিত কিছু অফিসার চেয়ার ভাঙচুর করেন এবং নিজেদের মাথা দেয়ালে ঠোকেন বলে জানা যায়। অন্যরা দাবি করেন, বিদ্রোহীদের বিচার অবিলম্বে শুরু করতে হবে এবং যারা দোষী সাব্যস্ত হবে তাদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাতে হবে।” সূত্র: মশিউল আলমের সম্পাদনায় সদ্য প্রকাশিত বই উইকিলিকসে বাংলাদেশ।