বিডিআর বিদ্রোহ: আরও ১৯২ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জন সদস্যের মধ্যে আজ মঙ্গলবার আরও ১৯২ জন সদস্যের বিরুদ্ধে আনীত অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ নিয়ে তিন দিনে ৩৭৫ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়।পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫-এ বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় বিচারকাজ শুরু হয়। দুই দফা বিরতি দিয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলে আদালতের কার্যক্রম।আজও সব আসামির উপস্থিতে শুনানি হয়। আদালতের নির্দেশে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে একে একে সুনির্দিষ্টভাবে অভিযোগের বর্ণনা দিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন।গত রোববার থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। ওই দিন ৪০ জন, গতকাল সোমবার ১৪৩ জন এবং আজ ১৯২ জন অর্থাৎ এ পর্যন্ত ৩৭৫ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে।কৌঁসুলি শামসুর রহমান আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের নির্দেশ অমান্য করে এবং বিদ্রোহ দমনে ভূমিকা পালন না করে দরবার হল ত্যাগ, অস্ত্রভান্ডার লুট, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করা, বৈঠক করে অন্যদের উসকে দেওয়া, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়া, সৈনিক লাইনের সামনে গিয়ে মাইক নিয়ে হুমকি দিয়ে নিরীহ সৈনিকদের বিদ্রোহে অংশ নিতে বাধ্য করা, অস্ত্রগুলো ও মূল্যবান সামগ্রী লুট, গুলি করা, গাড়িতে মাইক লাগিয়ে সৈনিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়া, কর্তৃপক্ষকে বিদ্রোহের আগাম তথ্য না দেওয়া, বিচারের সময় আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা, কর্তব্য পালনে অবহেলা, গাড়িতে অগ্নিসংযোগে সহায়তাসহ নানা অভিযোগ আনেন।ব্যাটালিয়নের সুবেদার মতিউর রহমান ৬৬৮ জনকে আসামি করে এ মামলাটি করেন। ৩১ মার্চ মামলাটির বিচারকাজ শুরু হয়। এর মধ্যে গত ১৪ মে আসামি জয়নাল আবেদীন ভূঁইয়া হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অন্য আসামিরা ঢাকা কেন্দ্রীয় ও কাশিমপুর কারাগারে বন্দী।