বিডিআর বিদ্রোহ: জয়পুরহাটে মামলার রায় ২৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক আজ বুধবার শেষ হয়েছে। জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৩তে আজ বিচারকাজ শেষে ২৩ ডিসেম্বর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় ২০ জন আসামি রয়েছেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। আজ বুধবার আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। আসামিদের মধ্যে ১৩ জন দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা ও ক্ষমা প্রার্থনা করেন। বাকি সাতজন নিজেদের নির্দোষ দাবি করেন। আদালতে প্রসিকিউটর পক্ষে জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়নের লে. কর্নেল মেহেদী হাসান আসামিদের বিরুদ্ধে অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণের আলোকে যুক্তিতর্ক সহকারে সুনির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করেন। অপরদিকে প্রসিকিউটরের বক্তব্য খণ্ডন করে ওই সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করে বক্তব্য দেন। জয়পুরহাট-৩ রাইফেল ব্যাটালিয়ন ক্যাম্পে বিশেষ আদালত-১৩-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. সালেহ আহমেদ। তাঁকে সহযোগিতা করেন লে. কর্নেল মো. মাহফুজ আলম, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি বিশ্বজিত্ রায় এবং অপর সদস্য মেজর দিদার-আল-লতিফ। আদালত আগামী ২৩ ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত মুলতবি করে রায়ের দিন ধার্য করেন।