বিডিআর বিদ্রোহ: নওগাঁয় রায় ঘোষণা ২৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় বিডিআর বিদ্রোহের মামলায় আসামি সেপাই শহীদের পক্ষে একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়াসহ উভয় পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয়েছে। নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি কক্ষে স্থাপিত বিশেষ আদালত-১২-তে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ বিচারকাজ চলে। পরে আদালত ২৪ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে ওই দিন রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে অভিযুক্ত ২৫ জন বিডিআর জওয়ানকে হাতকড়া পরিয়ে বিশেষ আদালতে হাজির করা হয়।পাঁচ কর্মদিবস শেষে এক প্রেস ব্রিফিংয়ে নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার প্রসিকিউটর লে. কর্নেল ফজলুল হক জানান, ২০ ডিসেম্বর থেকে গত তিন দিনের কার্যক্রম চলাকালে এই মামলার ২১ জন সাক্ষী সাক্ষ্য দেন। এ সময় ১৯ জন আসামি সাক্ষীদের জেরা করেন। অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় ছয়জন নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান।