বিডিআর বিদ্রোহ: পঞ্চগড়ে ২৯ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ২৯ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে আজ রোববার অভিযোগ গঠন করা হয়েছে। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ আজ বেলা ১১টার দিকে বিচারকাজ শুরু হয়ে বেলা সোয়া একটা পর্যন্ত চলে। মুলতবির পর সোয়া দুইটার দিকে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতের কার্যক্রম আবার শুরু হয়। বাদী সুবেদার মেজর আমিরুল হক শেখের সাক্ষ্যগ্রহণ শেষে এখন জেরা চলছে। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অন্য বিচারকেরা হচ্ছেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দীদার আল লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে আদালতে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ এনে সুবেদার মেজর আমিরুল হক শেখ বাদী হয়ে উপরিউক্ত ২৯ জন বিডিআর জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে ১৯৭২ সালের বিডিআর আইনে শৃঙ্খলা ভঙ্গ এবং বেআইনিভাবে অস্ত্র ও গোলাবারুদ হাতে নিয়ে গুলিবর্ষণ, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচলে বাধা প্রদান, পাগলাঘণ্টি বাজানো, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা এবং বিদ্রোহ সংঘটনে সহযোগিতা করার অভিযোগ আনা হয়। ওই ২৯ জন আসামির মধ্যে ২১ জন পঞ্চগড় থানায় দায়ের করা বিডিআর বিদ্রোহের মামলায় কারাগারে আটক ছিলেন। পরে বাকি আটজনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি এ আদালতে বিচারকাজ শুরু হয়।