বিডিআর বিদ্রোহ: পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের বিচার আজকের দিনের মতো শেষ হয়েছে। আদালত পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আর হাসপাতালে চিকিত্সাধীন আরেক আসামিকে গ্রেপ্তার করে বিডিআর হাসপাতালে ভর্তির নির্দেশও দেন আদালত। পরে আদালত আগামীকাল বুধবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়। আজ মঙ্গলবার বিডিআরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এ দুপুর ১২টায় এ বিচারকাজ শুরু হয়ে চলে দুপুর দুইটা পর্যন্ত। এ আদালতের নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন বিডিআরের দুজন কর্মকর্তা লে. কর্নেল গোলাম রব্বানী ও মেজর সাঈদ হাসান। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের মনোনীত প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ বিশেষ আদালতকে প্রয়োজনীয় সহায়তা করছেন। এ আদালতে ঢাকা সেক্টরের বিদ্রোহী জওয়ানদের বিচার করা হচ্ছে। আজ মামলার বাদী আদালতে অভিযোগ পাঠ করেন। প্রসিকিউটর ঘটনা বর্ণনা করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নেন। এ বিচারে আসামি ৮৬ জন। এর মধ্যে দুজন পলাতক, হত্যা মামলায় ১৯ জন গ্রেপ্তার ও ৬৫ জন ব্যারাকে আছেন। ব্যারাকে থাকা এই ৬৫ জনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত গ্রেপ্তার হওয়া আসামিদের কাল আদালতে হাজির করার নির্দেশ দেন। এ মামলার সাক্ষী ৩০ জন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি সকালে ওই দরবার হল থেকেই বিডিআরের বিদ্রোহ শুরু হয়েছিল। এরই মধ্যে রাঙামাটিতে দুটি এবং ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিচার শুরু হয়েছে।বিডিআর সদর দপ্তরের সূত্র জানায়, সারা দেশে বিদ্রোহে জড়িত বিডিআরের সদস্যদের বিচারের জন্য ছয়টি আদালত গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় দুটি ও ঢাকার বাইরে চারটি আদালত আছে। ঢাকায় স্থাপন করা দুটি আদালতে ১০টি ইউনিটে বিদ্রোহের বিচার হবে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিডিআরের কর্মকর্তারা সংখ্যার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তাঁরা বলেন, ১০টি ইউনিটের তদন্ত শেষ হওয়ার পরই এ সংখ্যা নিশ্চিত করে বলা যাবে।