বিডিআর বিদ্রোহ: পিন্টুর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর তিন মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল যেটি আগে হয়, সে সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিকেলে বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পিন্টুর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এর আগে হাইকোর্টের অপর একটি বেঞ্চ কেন তাঁকে জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন।নাসিরউদ্দিন পিন্টুর পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও গাজী কামরুল ইসলাম। অন্যদিকে, সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক মামলা পরিচালনা করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, পুলিশ প্রতিবেদন দাখিলের পর যদি পিন্টুর বিরুদ্ধে মৌলিক অভিযোগ উত্থাপিত হয় তাহলে রুল নিষ্পত্তির মাধ্যমে তিনি জামিনে থাকবেন কি থাকবেন না, সে বিষয়টি সুরাহা করা হবে। পিন্টুর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, অন্য কোনো মামলায় নাসিরউদ্দিন পিন্টু গ্রেপ্তার নেই। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।অতিরিক্ত অ্যাটর্নী জেনারেলএ কে এম জহিরুল হক বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে আপীল করা হবে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় এ মামলাটি দায়ের করা হয়। একই বছরের ১ জুন তাঁকে গ্রেপ্তার করা হয়।