বিডিআর বিদ্রোহ: লালমনিরহাটে ২৩ জনের সাজা, খালাস ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের ২৩ আসামিকে আজ মঙ্গলবার বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অপর একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। ঘোষিত রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা ৫ বছর। দুজন আসামিকে এ সাজা দেওয়া হয়েছে। আর সর্বনিম্ন সাজা চার মাস। এ মেয়াদে সাজা পেয়েছেন একজন। ২৩ অভিযুক্তের প্রত্যেককে সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর আসামিদের লালমনিরহাট জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৩-এর সভাপতি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ দুপুর দেড়টায় রায় ঘোষণা করেন। ব্যাটালিয়নের ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়েছে। জানা যায়, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সমর্থনে পরের দিন লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নে জওয়ানরা বিদ্রোহ ঘোষণা করে। এ ঘটনায় ২৪ জন বিডিআর সদস্যকে আসামি করে লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের জেসিও সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন।