বিডিআর বিদ্রোহ: শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের ১১ আসামি গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার আজ বুধবার ব্যাটালিয়নের সদরদপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এ শুরু হয়। বিশেষ আদালতের নির্দেশে আজ দুপুরে ওই ব্যাটালিয়নে কর্মরত আরও ১১ জনকে গ্রেপ্তার করে বিশেষ পাহারায় মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে। পরে আদালত আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নায়েব সুবেদার মো. সালেহ্ আহমদ, সিপাহি মির্জা সোলেমান, সিপাহি আবুল কালাম আজাদ, সিপাহি শাহীন হোসেন, সিপাহি মং সা চিন মারমা, সিপাহি আল মামুন, সিপাহি মো. সাজেদুল ইসলাম, সিপাহি মো. জহির উদ্দীন, সিপাহি মো. সিরাজুল ইসলাম, সিপাহি মো. জিয়াউল ইসলাম ও সিপাহি মো. ইকবাল হোসেন। আজ বুধবার বিশেষ আদালত-৩ এ সকাল ১০টায় বিচারকাজ শুরু হয়। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। বিচারক প্যানেলের অন্য তিনজন সদস্য ছিলেন লে. কর্নেল মো. আখতারুজ্জামান, মেজর মো. মাকসুদুল আলম ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।আদালতের কার্যক্রম শুরু হলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর মো. আবদুল মান্নান আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ উত্থাপনের পর দুপুর ১২টায় ২০ মিনিটের জন্য আদালত মুলতবি করা হয়। দুপুর ১২টা ২০ মিনিটে আদালতের কার্যক্রম আবার শুরু হলে মামলার প্রসিকিউটর ১৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা আদালতের কাছে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। আদালত মামলাটি আমলে নেন এবং ৪৫ জনকে আগামীকাল হাজিরের আদেশ দিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত বিচার মুলতবি করেন। পরে দুপুরে সংবাদ ব্রিফিংকালে ১৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও মামলার প্রসিকিউটর লে. কর্নেল নুরুল হুদা জানান, এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪৩ জনের মধ্যে একজন ডিএডি ও চারজন বেসামরিক সদস্য ছিলেন। বিডিআর আইনে দুর্বলতার কারণে অভিযুক্ত হলেও তাঁদের বিচারের এখতিয়ার এ আদালতের নেই। গ্রেপ্তার হওয়া ৪৩ জনের মধ্যে আরও চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় এ আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়নি। এ আদালতে বিচার হবে এর আগে গ্রেপ্তার হওয়া ৪৩ জনের মধ্যে ৩৪ জনের এবং বুধবার গ্রেপ্তার হওয়া ১১ জনসহ মোট ৪৫ জনের। প্রসঙ্গত, গত বছরের ২৬ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের কিছু সদস্য বিদ্রোহ করে প্রায় ২৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ক্যাম্প ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ ঘটনায় ওই বছরের ১৭ মে শ্রীমঙ্গল থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) ৪৩ জনকে আসামি করে মামলা করেন। পর দিন ওই মামলায় ১৪ রাইফেলের উপসহকারী পরিচালক (ডিএডি) মুজিবুর রহমানসহ ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়।