বিডিআর বিদ্রোহ: সব সেক্টরে বিশেষ আদালত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহে জড়িত বিডিআর সদস্যদের বিচারের জন্য সব সেক্টরে বিশেষ আদালত হচ্ছে। বর্তমানের ছয়টি আদালতের পাশপাশি এসব আদালতে বিদ্রোহী জওয়ানদের বিচার করা হবে। এতে করে খুব কম সময়ে বিদ্রোহের বিচার শেষ করা সম্ভব হবে।আজ রোববার বিডিআর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বাহিনীর উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক এ কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ রাইফেলস আদেশ ১৯৭২ সংশোধনের পর বিচার দ্রুত শেষ করার পথ উন্মুক্ত হয়েছে।উপমহাপরিচালক বলেন, বিডিআর আইন সংশোধনের পর এখন বাহিনীর নিজস্ব আইনে ঢাকার বাইরের বিদ্রোহের বিচার আগামী আট-নয় মাসের মধ্যে শেষ করা যাবে। তবে সদর দপ্তরের বিচার শেষ করতে আরও কিছু বেশি সময় লাগতে পারে। তিনি জানান, এক দেড় মাসের মধ্যে নতুন আদালতগুলো গঠন করা হবে।সংশোধিত আইনে পরিচালক পদবির সেক্টর কমান্ডার বা সমান পদবির কর্মকর্তা বা উপমহাপরিচালক আদালত পরিচালনা করতে পারবেন। তবে বিডিআরের মহাপরিচালকও কিছু আদালত পরিচালনা করবেন।সংবাদ সম্মেলনে উপমহাপরিচালক বলেন, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরের বিদ্রোহের সময় পিলখানা ছাড়াও দেশের ৬০টি স্থানে বিদ্রোহের ঘটনা ঘটে।এসব ঘটনায় এ পর্যন্ত ছয়টি বিশেষ আদালতে ১৯টি মামলার বিচার শুরু হয়েছে। এর মধ্যে রায় দেওয়ার মাধ্যমে পাঁচটি মামলার নিষ্পত্তি হয়েছে। ১২টি মামলার অভিযোগ গঠন ও একটি মামলার প্রসিকিউশন সাক্ষ্য চলছে। একটি মামলা রায় প্রদান ও ৪১টি মামলার বিচার এখনো শুরু করা হয়নি। নতুন আদালত গঠনের পর এসব মামলার বিচার শুরু হবে।