বিডিআর বিদ্রোহ: সিলেটে সাক্ষ্য গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আজ বুধবার বিডিআরের সিলেট সেক্টরের ২১ রাইফেল ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত-১৪তে অভিযুক্ত জওয়ানদের উপস্থিতিতে মামলার সাক্ষ্য নেওয়া হয়। কাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আদালত আবার বসবে। ওই দিন মামলার প্রসিকিউটরের বক্তব্য নেওয়া হবে বলে আদালত সূত্র জানিয়েছে।আদালত সূত্র আরও জানায়, আজ সকাল সাড়ে আটটায় আদালতের বিচারকাজ শুরু হয়ে শেষ হয় বিকেল সোয়া চারটায়। এ সময় আটজনের সাক্ষ্য নেওয়া হয়। গতকাল মঙ্গলবার তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। এ নিয়ে এই মামলায় মোট ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ আদালতে আরও দুই জওয়ান তাঁদের দোষ স্বীকার করেছেন। গতকাল নিজেদের দোষ স্বীকার করেছিলেন ৩৭ জওয়ান। বাকি পাঁচজন নিজেদের নির্দোষ দাবি করেছেন। এদিকে আজও বিচার চলাকালে আবু তালেব নামে এক বিডিআর জওয়ান অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তাত্ক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল অসুস্থ হওয়া ল্যান্স নায়েক মো. আবদুস সালামকে আজ আদালতে হাজির করা হয়। বিশেষ আদালত ১৪-এর বিচার প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআর কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। বিচারকাজে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ফরহাদ আহমদ ও লে. কর্নেল আখতারুজ্জামান এবং মেজর মাকসুদুল আলম। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিডিআর বিদ্রোহ মামলায় ২১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৪৪ বিডিআর জওয়ানের বিচারকাজ শুরু হয়। গত ২০ অক্টোবর তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২৩ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।