বিডিআর বিদ্রোহ: ২৪ ব্যাটালিয়নের পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ও সংযুক্ত ব্যাটালিয়নের ৬৬৭ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামী ৫ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে ৩০ জন আসামি দুই সাক্ষীকে জেরা করেছে।পিলখানায় স্থাপিত বিশেষ আদালত-৫-এ আজ সকাল নয়টা ৪০ মিনিটে বিচারকাজ শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে। মাঝখানে আধ ঘণ্টার বিরতি ছিল। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন। বিচারকাজে সহায়তার জন্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানি, মেজর সাইদ হাসান তাপস এবং অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল সোহরাওয়ার্দী। আজ ২৭ জন আসামি প্রথম সাক্ষী ও মামলার বাদী জেসিও সুবেদার মতিউর রহমানকে জেরা করেন। আর অপর সাক্ষী মেজর জায়েদী আহসান হাবিবকে জেরা করেন তিন আসামি।সুবেদার মতিউর রহমান ২৪ রাইফেল ও সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনকে আসামি করে ৩১ মার্চ বিদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় গত ২৬ জুন ৬৬৬ বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একজন মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে সময় পিলখানা ছাড়াও বাইরে কয়েকটি স্থানে বিদ্রোহ হয়। বিডিআর আইনে বিদ্রোহের বিচারে জন্য গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ মোট ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে শুধু বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের বিচার হচ্ছে। এ আইনে সাড়ে ছয় হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিডিআর আইনে বিদ্রোহের সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড। এর বাইরে পিলখানায় হত্যা ও অন্যান্য অপরাধের বিচার হবে প্রচলিত আদালতে।