বিডিআর বিদ্রোহ: ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জন বিডিআর সদস্যের মধ্য থেকে ৪০ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ উত্থাপন করা হয়েছে। এরই মধ্য দিয়ে আজ রোববারের শুনানি শেষ হয়েছে। কাল সোমবার আবারও শুনানি অনুষ্ঠিত হবে।গত ১ এপ্রিল তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন বিশেষ আদালত-৫।বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এ বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বেলা ১১টার দিকে শুনানি শুরু হয়ে মাঝখানে আধঘণ্টা বিরতি দিয়ে বিকেল চারটা ১০ মিনিটে আদালতের কার্যক্রম শেষ হয়।৬৬৮ জন আসামির মধ্যে একজন মারা যাওয়ায় আজ ৬৬৭ জনকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতেই শুনানি অনুষ্ঠিত হয়। বিডিআরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান আদালতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের পক্ষে আদালতকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।মামলার বাদী সুবেদার মো. মতিউর রহমান। আর মামলার প্রসিকিউটর ২৪ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. শামসুল ইসলাম। আসামিদের ৬৪ জনের ‘ফ্রেন্ড অব দ্য একিউজড’ হিসেবে মেজর ইমরান এবং ১০ জনের ‘ফ্রেন্ড অব দ্য একিউজড’ হিসেবে মেজর সৈয়দ আহমেদ এবং ১০ জন বেসামরিক আইনজীবী নিয়েছেন।আদালতের নির্দেশে প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল মো. শামসুল ইসলাম আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগের বর্ণনা দিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। তিনি বলেন, সৈনিক লাইনের সামনে মাইক নিয়ে অশালীন গালিগালাজ করে নিরীহ সৈনিকদের বিদ্রোহে অংশ নিতে বাধ্য করেন। মহাপরিচালকের আদেশ অমান্য করে আসামিরা দরবার হল ত্যাগ না করলে তিনিসহ অনেকের জীবন রক্ষা পেত, বিদ্রোহ শুরুতেই দমানো যেত। তিনি আরও বলেন, আসামিরা অস্ত্রভান্ডার লুট করেছে, ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের লাঞ্ছিত করেছেন, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।প্রসঙ্গত, অভিযুক্ত ৬৬৮ জনের মধ্যে একজন সুবেদার মেজর, পাঁচজন সুবেদার, ১৩ জন নায়েক সুবেদার, ৩৮ জন হাবিলদার, ২২ জন নায়েক, ৩৮ জন ল্যান্সনায়েক ও ৫৫১ জন সিপাহি রয়েছেন।