বিডিআর বিদ্রোহ: ৪৪ রাইফেলের জওয়ানদের বিরুদ্ধে অভিযোগ গঠন ১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে করা মামলায় ৪৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৭৫ জন জওয়ানের বিরুদ্ধে ১ নভেম্বর অভিযোগ গঠন করা হবে। আজ মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫ এই আদেশ দেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।গতকাল এই আদালত ৬৭৫ জন জওয়ানকে আদালতে হাজির করার নির্দেশ দেন। সেই নির্দেশ মোতাবেক আজ তাঁদের আদালতে হাজির করা হয়। সুবেদার মেজর ইসমাইল হোসেন গতকাল তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহে সরাসরি অংশগ্রহণ, মদদ দান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করা, বিদ্রোহের সময় নিজেদের দায়িত্ব পালন না করে নিষ্ক্রিয় থাকা ইত্যাদি অভিযোগ আনেন।৬৭৫ জন জওয়ানের মধ্যে ৪০৫ জন নিউমার্কেট থানায় করা এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আদালতের আদেশের পর গতকাল পিলখানায় কর্মরত অবস্থায় থাকা আরও ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়। এসব সদস্যের মধ্যে ৪৩৬ জন ৪৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্য। অপর ২৩৯ জন বিদ্রোহের সময় চলা বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন ব্যাটালিয়ন থেকে এসেছিলেন।প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। পরে দেশের অন্য স্থানেও এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে।