বিডিআর বিদ্রোহ: ৬৬৮ জনকে আদালতে হাজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬৬৮ জন বিডিআর সদস্যকে আজ বৃহস্পতিবার বিশেষ আদালত ৫-এ হাজির করা হয়েছে। বেলা একটা ১০ মিনিটে বিচারকাজ শুরু হয়।আদালত সূত্রে জানা যায়, আজ এই ৬৬৮ জনকে সকাল থেকেই আদালতে আনা হয়। অভিযুক্ত প্রত্যেককে হাজিরা খাতায় স্বাক্ষর করানোর ফলে অনেক সময় লেগে যায়। তাই সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হলেও বিচারকাজ দেরিতে শুরু হয়েছে। গতকাল বুধবার এ আদালতে অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে বিদ্রোহ ও বিদ্রোহে সহায়তার অভিযোগ আনা হয়। ওই অভিযোগ করেন সুবেদার মো. মতিউর রহমান। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। বিডিআরের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এ কে এম গোলাম রব্বানী ও মেজর সাইদ হাসান আদালতে সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন। অ্যাটর্নি জেনারেলের পক্ষে আদালতকে সহায়তা করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।অভিযুক্ত ৬৬৮ জনের মধ্যে একজন সুবেদার মেজর, পাঁচজন সুবেদার, ১৩ জন নায়েক সুবেদার, ৩৮ জন হাবিলদার, ২২ জন নায়েক, ৩৮ জন ল্যান্স নায়েক ও ৫৫১ জন সিপাহি রয়েছেন।