বিডিআর বিদ্রোহের আগে প্রশিক্ষণরত ৫১০ জওয়ান বরখাস্ত
বিডিআর বিদ্রোহের আগে প্রশিক্ষণরত ৫১০ জন জওয়ানকে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার এই চাকরিচ্যুত জওয়ানদের ছবি ও তালিকা বিডিআরের সরকারি ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বিডিআর কর্মকর্তারা বলছেন, এই জওয়ানেরা বিদ্রোহের সময় প্রশিক্ষণরত অবস্থায় বাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছিল। তাই তাদের চাকরিচ্যুত করা হয়েছে।গত বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ ব্যক্তি নিহত হন। এ ঘটনায় রাজধানীর লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটি স্থানান্তর করা হয় নিউমার্কেট থানায়। সিআইডি পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার পাশাপাশি ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বিডিআর জওয়ানদের বিদ্রোহের ঘটনায় আরও ৪০টি মামলা দায়ের করা হয়। ২৮টি জেলার ৩৭টি থানায় এসব মামলা করা হয়।এসব মামলায় এক হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের মধ্যে বিডিআরের ১৮ জন উপসহকারী পরিচালক ও ১৫ জন সাধারণ কর্মচারী এবং দুজন বেসামরিক লোক রয়েছেন। গ্রেপ্তার হওয়া মোট তিন হাজার ৯১৫ জন বিডিআর সদস্য এখন সাময়িকভাবে চাকরিচ্যুত। নিয়ম অনুযায়ী তাঁরা অর্ধেক বেতন পাচ্ছেন। তাঁদের পরিবারের কাছে বেতন পাঠানো হচ্ছে ডাকযোগে। অনেক পরিবার সময়মতো এসব বেতন-ভাতা পাচ্ছে না বলে অভিযোগ আছে।