প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। উসকানিদাতাদেরও রেহাই দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা উসকানিদাতাদের খুঁজে বের করব। তাঁদের বিচারও একদিন বাংলার মাটিতে হবে।’গতকাল বুধবার সকালে গাজীপুর সদরের নাওজোড় এলাকায় ঢাকা বাইপাস সড়ক উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় হত্যাকাণ্ডের প্রথম বর্ষপূর্তির এক দিন আগে এবং পিলখানায় হত্যাকাণ্ডের বিচার শুরুর এক দিন পর শেখ হাসিনা এ মন্তব্য করলেন।হাসিনা বলেন, ‘পিলখানার সেই নারকীয় হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। ওই ঘটনায় যারা জড়িত, সবার বিচার হবে। উসকানিদাতারাও পার পাবে না।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিডিআর বিদ্রোহ যখন চরম আকার ধারণ করেছিল, তখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের নেতারা পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের একজন নেতাও সেখানে যাননি।’বিরোধী দলের নেত্রীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই সময় তিন দিন তিনি ক্যান্টনমেন্টের বাসায় ছিলেন না। জাতি জানতে চায়, ওই তিন দিন তিনি কোথায় ছিলেন?’ তিনি বলেন, ‘নির্বাচনে পরাজিত হলে দেশের মানুষের রক্ত নিয়ে খেলা করাই বিএনপির স্বভাব। ক্ষমতায় থাকতে জিয়াউর রহমানও সেটাই করেছিলেন।’প্রধানমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে বিএনপি জোট ভোট কারচুপি ও জালিয়াতি করতে পারেনি। এ জন্যই তাঁরা দেশের মানুষের ওপর ক্ষুব্ধ।’বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে গাজীপুরের নাওজোড়ে এসে পৌঁছান। ঢাকা বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে টাঙ্গাইল সড়কের সংযোগস্থলে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে তিনি আনুষ্ঠানিকভাবে সড়ক উদ্বোধন করেন। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ২৮১ কোটি ৬০ লাখ টাকা। এ সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়ক উদ্বোধন শেষে অদূরে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার প্রস্তাবিত ভোকেশনাল ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এর পাশেই জনসভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী মঞ্চে উঠলে হাজার হাজার নেতা-কর্মী করতালি ও স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।প্রধানমন্ত্রী বলেন, রাজধানীসংলগ্ন গাজীপুরের গুরুত্ব অপরিসীম। টঙ্গী থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হচ্ছে। তিনি ঘোষণা দেন, গাজীপুর থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত দ্বিতল সড়ক নির্মাণ করা হবে।শেখ হাসিনা বলেন, এ সড়ক নির্মাণের ফলে রাজধানীর ওপর যানবাহনের চাপ কমবে। স্বল্পতম সময়ে পণ্য পরিবহন সম্ভব হবে। ভবিষ্যতে সড়কটি চার লেনে উন্নীত করা হবে।’স্থানীয় এস এম মোকসেদ আলম জনসভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ আ ক ম মোজাম্মেল হক, রহমত আলী, জাহিদ আহসান রাসেল ও মেহের আফরোজ চুমকি এবং সাবেক সাংসদ মো. আকতারউজ্জামান, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান প্রমুখ।বায়রা ট্রেনিং ইনস্টিটিউট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এ ইনস্টিটিউট বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। বিশ্ব শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। পুরোনো ধ্যান-ধারণায় এখন আর বিদেশে অদক্ষ শ্রমিক রপ্তানি করে সম্ভাবনাময় শ্রমবাজার ধরে রাখা যাবে না। ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে বায়রার সভাপতি গোলাম মুস্তফাসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।