বিডিআর বিদ্রোহের দণ্ডপ্রাপ্ত আসামি চাঁদাবাজির সময় গ্রেপ্তার
নোয়াখালীতে ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে নোয়াখালী পৌরসভার কমিশনার প্রার্থীর বাড়িতে চাঁদাবাজির সময় নুরুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অপরাধে তাঁর এক বছর সাত মাস সাজা হয়। তিনি পলাতক ছিলেন।আজ বুধবার সকালে শহরের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আটকের পর নুরুল ইসলাম ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছেন।জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে নুরুল ইসলাম ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনিরের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রোকসানা বেগমের কাছ থেকে গাড়ির জ্বালানি খরচ বাবদ দুই হাজার টাকা আদায় করেন। এ সময় নুরুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে ওই বাড়ির লোকজন বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তাঁরা নুরুল ইসলামকে আটক করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অপরাধে নুরুল ইসলামের এক বছর সাত মাস সাজা হয়। তিনি পলাতক ছিলেন। আজ দুপুরে তাঁকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।উল্লেখ্য, নুরুল ইসলামের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার উত্তর আওগাঁ গ্রামে।