বিডিআর বিদ্রোহের পরিকল্পনাকারী রহিমের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের অন্যতম পরিকল্পনাকারী বিডিআরের সাবেক উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুর রহিম (৫৪) হাসপাতালে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, আবদুর রহিম পিলখানা বিডিআর সদর দপ্তরের সিগন্যাল সেক্টরের উপ-সহকারী পরিচালক ছিলেন। বিডিআর বিদ্রোহের পর পিলখানা থেকে বিডিআরের যে ১৪ সদস্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল, আবদুর রহিমও এতে উপস্থিত ছিলেন। সেখানে রহিম বক্তব্যও দিয়েছিলেন। পিলখানায় সেনা কর্মকর্তাদের পরিবারের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিডিআর বিদ্রোহ মামলায় ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম ডিএডি আবদুর রহিমের মৃত্যুর সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, কারা হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রহিম গতকাল রাতে হঠাৎ স্ট্রোক করেন। এ সময় কারা হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দ্রুত কারারক্ষীদের প্রহরায় রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালের মেডিসিন বিভাগের ১ নম্বর ওয়ার্ডে রাত নয়টা ৪০ মিনিটে তিনি মারা যান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের পর ডিএডি রহিম গ্রেপ্তার হন। এরপর দীর্ঘদিন রিমান্ডে থাকার পর তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারা হাসপাতালে রাখা হয়। এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে তাঁকে একাধিকবার চিকিৎসা দেওয়া হয়। তিনি উচ্চ রক্তচাপ ও গ্যাস্ট্রিকে ভুগছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক।আজ শুক্রবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি হবে। এরপর ময়নাতদন্ত শেষে লাশ তাঁর স্বজনদের কাছে দেওয়া হবে বলে কারা সূত্র জানিয়েছে।