বাংলাদেশে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সংগঠিত বিডিআর বিদ্রোহের পরিপ্রেক্ষিতে জঙ্গি উত্থানের আশঙ্কা করছিল ভারত। সম্প্রতি উইকিলিকসে প্রকাশিত এক মার্কিন তারবার্তায় এ কথা বলা হয়েছে। তারবার্তাটির ভিত্তিতে ভারতের দ্য হিন্দু আজ রোববার খবর প্রকাশ করেছে।দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, ২০০৯ সালে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দিল্লির মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স স্টিভেন হোয়াইটকে ভারতের পররাষ্ট্রসচিব শিবশঙ্কর মেনন হঠাত্ করে একটি সভায় ডাকেন। সভায় বাংলাদেশের বিডিআর বিদ্রোহের বিষয়ে আলোচনা করা হয়। ২০০৯ সালে ২ মার্চ দিল্লির মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে এই আলোচনার বিষয়বস্তু নিয়ে একটি বার্তা পাঠানো হয়।উইকিলিকসে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেছিলেন। তবে তিনি কী ধরনের সাহায্য চেয়েছিলেন, সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি। প্রণব মুখার্জি শেখ হাসিনাকে প্রয়োজনে সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দেন।দেশটির পররাষ্ট্রসচিব শিবশঙ্কর মেনন মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, এ বিষয়ে ভারত সরকার লন্ডন, বেইজিং ও টোকিওতে আলোচনাও করেছে।দ্য হিন্দু তাদের খবরে বলেছে, ভারত দুটি বিষয়ে বেশ উদ্বিগ্ন ছিল। প্রথমত, তাদের ভয়ের কারণ ছিল জামায়াতে ইসলামী এই বিদ্রোহের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিবেশকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে।পররাষ্ট্রসচিব এই বিদ্রোহকে দীর্ঘ পরিকল্পনার ফল হিসেবেও উল্লেখ করেছেন। মেনন এ ঘটনার জন্য জামায়াতকে সরাসরি দায়ী করেননি। তবে তিনি উল্লেখ করেছেন, দলটি ২০০৮ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে এবং সরকারের জঙ্গিবিরোধী পদক্ষেপে বেশ নাখোশ।দ্বিতীয়ত, ভারতের আশঙ্কা ছিল, এই বিদ্রোহ সেনাবাহিনীর সঙ্গে এই নির্বাচিত সরকারের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। পররাষ্ট্রসচিব ইঙ্গিত করছিলেন, বিষয়টি সেনাবাহিনীর সঙ্গে হাসিনা সরকারের দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। মার্কিন দূতাবাসের কর্মকর্তাকে শিবশঙ্কর বলেন, বিদ্রোহীরা সেনা কর্মকর্তাদের মৃতদেহ নর্দমায় ফেলে দিয়েছেন। তবে তিনি আশাবাদী ছিলেন যে পরিস্থিতি স্থিতিশীল করতে সেনাপ্রধান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।মার্কিন কর্মকর্তাদের তারবার্তায় বলা হয়েছে, মেনন এই সহিংসতার পরিপ্রেক্ষিতে মার্কিন বিবৃতির প্রশংসা করেছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি সতর্ক করে বলেন, প্রাথমিক সহিংসতা যখন শেষ হয়েছে, তখন সামনের দিনগুলোতে কী হবে, সে ব্যাপারে তিনি উদ্বিগ্ন। সামনের দিনগুলোতে যেকোনো ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।ঘটনার এক মাস পরও ভারত এ ব্যাপারে উদ্বিগ্ন ছিল। দিল্লির মার্কিন দূতাবাসের তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের স্থিতিশীলতার বিষয়টিই ভারতের উদ্বেগের মূল বিষয় ছিল।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বলেছেন, ভারতের উদ্বেগের বিষয় হলো এ ঘটনায় উগ্রবাদীদের সম্ভাব্য সম্পৃক্ততা। তিনি উল্লেখ করেন, এই গণহত্যায় জড়িত চিহ্নিত অনেক অপরাধীই বিএনপির আমলে নিয়োগ পেয়েছেন এবং জামায়াতের সঙ্গে তাঁদের সংযোগ রয়েছে।ভারতের পররাষ্ট্রসচিব শিবশঙ্কর মেনন ২০০৯ সালের ১৩ ও ১৪ এপ্রিল ঢাকা সফর করেন। এর এক দিন পরই তিনি দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার বুরলাংয়ের সঙ্গে এ বিষয়ে তাঁর অভিজ্ঞতা-বিনিময় করেন। তিনি তাঁকে বলেন, বিদ্রোহের পর বাংলাদেশের পরিস্থিতি ভঙ্গুর ছিল।২০০৯ সালের ১৬ এপ্রিল দিল্লি থেকে ওয়াশিংটনে পাঠানো মার্কিন তারবার্তায় মেননের সাক্ষাত্ সম্পর্কে উল্লেখ করা হয়। তাতে বলা হয়, মেনন মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন, ভারত সরকার এ বিষয়ে চিন্তিত যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জঙ্গি গোষ্ঠীগুলো গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং তারা ভারতের বিরুদ্ধে হামলার ঘোষণা করতে পারে।ভারত যেসব রাজনৈতিক দলের ব্যাপারে চিন্তিত ছিল তার মধ্যে জামায়াতে ইসলামী, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ রয়েছে। মেনন মার্কিন রাষ্ট্রদূতকে তাঁর মূল্যায়নে বলেছিলেন, সরকার স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না।