বিডিআর বিদ্রোহের পৃথক দুই মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি ৩১ অক্টোবর
বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা, লুটপাট ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ তারিখ নির্ধারণ করেন। গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে দুটি মামলার বিচারকাজ নিষ্পত্তির জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মামলার নথি আজ আদালতে উপস্থাপন করা হলে বিচারক অভিযোগপত্র দুটির গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য করেন।আদালত সূত্রে জানা যায়, গত ১২ জুলাই সিআইডি হত্যা, লুটপাট, লাশ গুমসহ বিভিন্ন অভিযোগে বিএনপির নেতা নাসির উদ্দিন পিন্টু ও আওয়ামী লীগের স্থানীয় নেতা তোরাব আলীসহ ৮২৪ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর কয়েক দিন পর বিস্ফোরক দ্রব্য আইনে ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় পিন্টু ও তোরাব আলীকে বাদ দেওয়া হয়েছে। দুটি মামলায় ২১ জন জওয়ানকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারির আবেদন করে সিআইডি। হাকিম আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহে বিডিআর জওয়ানদের হাতে ৫৭ জন কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডি তদন্ত শেষে হত্যা, লুটপাট ও লাশ গুমের ঘটনায় একটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক অভিযোগপত্র দাখিল করে।