বিডিআর বিদ্রোহের বিচার আইনি প্রক্রিয়ায় চলছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিডিআর বিদ্রোহের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে।আইনমন্ত্রী আজ শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের ১১১তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, আইনজীবী ও বিচারকদের ব্যস্ততার কারণে অনেক সময় মামলা মুলতবি করা হয়। এতে মামলা নিষ্পত্তিতে যেমন দীর্ঘসূত্রতা হয়, তেমনি বিচারপ্রার্থীদেরও চরম ভোগান্তির শিকার হতে হয়। এ অবস্থা নিরসনে বিচারকদের দরদি মন নিয়ে আরও দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।আইনমন্ত্রী বলেন, বিচারব্যবস্থার প্রতি বিচারপ্রার্থীদের আস্থা প্রতিষ্ঠায় বিদ্যমান ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধিতে সংশোধনী আনা হচ্ছে। এতে মামলার প্রতিটি স্তরে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে।অধস্তন বিচারকেরা সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকি করতে জেলা ও দায়রা জজদের প্রতি আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, মামলা ব্যবস্থাপনা ত্বরান্বিত করতে প্রতিটি আদালতে জেলা ও দায়রা জজ ও অধস্তন বিচারকদের নিয়মিত সভা করতে হবে। এতে জবাবদিহি ও সেবা নিশ্চিত হবে।বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের ডান্ডাবেড়ি পরানো মানবাধিকার লঙ্ঘন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কারাবিধি অনুযায়ী সব করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনোরূপ প্রশ্ন তোলার অবকাশ নেই। বিডিআর বিদ্রোহের বিচার যথাযথভাবে এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই এ বিচার শেষ করতে আদালত কাজ করছে বলে তিনি জানান। আইনমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের বিচার যথাসময়েই শেষ হবে। এ বিচার সুপ্রিম কোর্টের পরামর্শে যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে।জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ৩৫ জন কর্মকর্তা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। আগামী ৫ মার্চ পর্যন্ত কর্মশালা চলবে। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মফিজুল ইসলাম।