বিডিআর বিদ্রোহের বিচার: সব আসামিকে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ৩৬ রাইফেল ব্যাটালিয়নের ৩১০ সদস্যের বিচার কাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার পিলখানায় বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ চলে। সকাল ১০টা ১৫ মিনিটে বিচারকাজ শুরু হয়ে চলে দুপুর পৌনে একটা পর্যন্ত। বিশেষ আদালত-৫-এর নেতৃত্ব দেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।আদালত বিডিআরে কর্মরত ৬৯ জন আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এ ছাড়া আসামিদের মধ্যে যে ২৪১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে তাদেরসহ সবাইকে কাল আদালতে হাজির করার নির্দেশ দেন। পিলখানা হত্যাকাণ্ডের প্রায় এক বছরের মাথায় এসে গত ২৩ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। বিডিআর সদর দপ্তরের সূত্র জানায়, সারা দেশে বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচারের জন্য ছয়টি আদালত গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় দুটি আদালত ও ঢাকার বাইরে চারটি আদালত আছে। এসব আদালতের মধ্যে ইতিমধ্যে রাঙামাটিতে দুটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিচার শুরু হয়েছে। ঢাকায় স্থাপন করা দুটি আদালতে ১০টি ইউনিটের বিচার সম্পন্ন হবে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিডিআর কর্মকর্তারা সংখ্যার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তাঁরা বলেন, ১০টি ইউনিটের তদন্ত শেষ হওয়ার পরই এ সংখ্যা নিশ্চিত করে বলা যাবে।