বিডিআর বিদ্রোহের মামলায় পিন্টুর জামিন স্থগিত
বিডিআর বিদ্রোহের মামলায় বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ ওরফে পিন্টুর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিতে সরকার পক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার চেম্বার জজ বিচারপতি বি কে দাস এ আদেশ দেন। আপিল বিভাগ হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আদালত এ সময়ের মধ্যে সরকার পক্ষকে নিয়মিত লিভ টু আপিল করার নির্দেশ দিয়েছেন।এর আগে বিডিআর বিদ্রোহের মামলায় ১৭ ফেব্রুয়ারি পিন্টুকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। তিন মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত যেটি আগে হয়—সে সময় পর্যন্ত জামিন বলবত্ থাকবে বলেও আদালত উল্লেখ করেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউমার্কেট থানায় একটি মামলা হয়। বিদ্রোহে মদদদান ও ওই ঘটনার পর বিডিআর সদস্যদের পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে একই বছরের ২ জুন হাইকোর্ট চত্বর থেকে পিন্টুকে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।