বিডিআর বিদ্রোহের সময় খালেদার অবস্থান নিয়ে তদন্ত হচ্ছে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিডিআর বিদ্রোহের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কোথায় ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিডিআর বিদ্রোহের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া অভিযোগপত্র সম্পর্কে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানাতে দলের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই তিনি সাংবাদিকদের এ কথা জানান।সরকারের কোন সংস্থা এটি তদন্ত করছে, সে প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘এখনই বলতে চাচ্ছি না। ফলাফল পেলে জাতিকে জানানো হবে। তবে দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার নিজেরই উচিত ছিল, এ ব্যাপারে জাতিকে জানানো। কারণ, জাতি এটা জানতে চায়।’মাহবুবুল আলম হানিফ দাবি করেন, সিআইডি নিরপেক্ষ তদন্ত করেছে। অভিযোগপত্রে স্থানীয় নেতা তোরাব আলীর নাম আসা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় এই নেতার বিরুদ্ধে সংগঠনের স্থানীয় পর্যায় থেকে পদক্ষেপ নেওয়া হবে।