বিডিআর বিদ্রোহের সময় জঙ্গি উত্থানের শঙ্কা ছিল ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা করেছিল ভারত। ভারতের আশঙ্কা ছিল, বিদ্রোহের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে পারে। আরেকটি আশঙ্কা ছিল, সেনাবাহিনীর সঙ্গে হাসিনা সরকারের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। সম্প্রতি উইকিলিকস প্রকাশিত মার্কিন গোপন তারবার্তার ভিত্তিতে ভারতের দ্য হিন্দু পত্রিকা গতকাল রোববার এ খবর দিয়েছে।দ্য হিন্দুর খবরে বলা হয়, ২০০৯ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নয়াদিল্লির মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টিভেন হোয়াইটকে ভারতের পররাষ্ট্রসচিব শিবশঙ্কর মেনন হঠাৎ বৈঠকে ডাকেন। এ সময় তাঁদের মধ্যে বাংলাদেশে বিডিআর বিদ্রোহের বিষয়ে আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তু নিয়ে ২ মার্চ দিল্লির মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে একটি বার্তা পাঠানো হয়।উইকিলিকসে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার প্রত্যাশায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেছিলেন। তবে তিনি কী ধরনের সাহায্য চান, তা স্পষ্টভাবে জানাননি। প্রণব মুখার্জি শেখ হাসিনাকে প্রয়োজন হলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।পররাষ্ট্রসচিব শিবশঙ্কর মেনন মার্কিন কর্মকর্তাদের জানান, বাংলাদেশের বিষয়টি নিয়ে ভারত সরকার লন্ডন, বেইজিং ও টোকিওর সঙ্গে আলোচনা করেছে।উইকিলিকসের তথ্যের ভিত্তিতে দ্য হিন্দু আরও জানিয়েছে, পররাষ্ট্রসচিব মেনন এই বিদ্রোহকে দীর্ঘ পরিকল্পনার ফল হিসেবে উল্লেখ করেন। মেনন এ ঘটনার জন্য জামায়াতকে সরাসরি দায়ী করেননি। তবে তিনি উল্লেখ করেন, দলটি ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে এবং সরকারের জঙ্গিবিরোধী পদক্ষেপে বেশ নাখোশ। মেনন মার্কিন দূতাবাসের কর্মকর্তাকে জানান, বিদ্রোহীরা সেনা কর্মকর্তাদের মৃতদেহ নর্দমায় ফেলে দিয়েছে। তবে তিনি আশাবাদী ছিলেন, পরিস্থিতি সামাল দিতে সেনাপ্রধান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় বলা হয়, এই সহিংসতার পরিপ্রেক্ষিতে মার্কিন সরকারের বিবৃতির প্রশংসা করেছেন মেনন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মেনন সতর্ক করে বলেন, প্রাথমিক সহিংসতা শেষ হয়েছে কিন্তু এর পরবর্তী প্রতিক্রিয়া কী হতে পারে এবং আবার সমস্যা দেখা দিতে পারে কি না, তা পরিষ্কার হতে কয়েক দিন লাগবে।ভারত এ ঘটনার এক মাস পরও উদ্বিগ্ন ছিল। ২০০৯ সালের ২৬ মার্চ দিল্লির মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো তারবার্তায় বলা হয়, শেখ হাসিনা সরকার স্থিতিশীল থাকতে পারবে কি না, ভারতের সেটাই প্রধান উদ্বেগের বিষয়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের জানান, ভারতের উদ্বেগের বিষয় হলো, এ ঘটনায় উগ্রবাদীদের সম্ভাব্য সম্পৃক্ততা। তিনি উল্লেখ করেন, বিদ্রোহের সঙ্গে জড়িত মূল হোতাদের অনেকেই বিএনপির আমলে নিয়োগপ্রাপ্ত এবং জামায়াতের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।পররাষ্ট্রসচিব শিবশঙ্কর মেনন ২০০৯ সালের ১৩ ও ১৪ এপ্রিল ঢাকা সফর করেন। এর এক দিন পরই তিনি দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার বুরলিঘকে জানান, বিদ্রোহের কারণে বাংলাদেশের পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।২০০৯ সালের ১৬ এপ্রিল দিল্লি থেকে ওয়াশিংটনে পাঠানো মার্কিন তারবার্তায় মেননের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, মেনন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং জঙ্গিরা ভারতের ওপর হামলা চালাতে পারে। ভারত যেসব রাজনৈতিক দলের ব্যাপারে চিন্তিত ছিল, তার মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী ও হরকাতুল জিহাদ আল ইসলামি (হুজি)।