বিডিআর স্থাপনা থেকে পুলিশ প্রত্যাহার না করার অনুরোধ
বিডিআরের বিভিন্ন স্থাপনা থেকে পুলিশ সদস্যদের প্রত্যাহার না করার জন্য অনুরোধ জানিয়েছে বিডিআর। এসব স্থাপনা থেকে পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হলে সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়ে পরিস্থিতি সংকটাপন্ন হতে পারে বলে বিডিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে পিলখানায় নিয়োজিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০০ সদস্যকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।বিডিআর সদর দপ্তরের অপারেশন ও প্রশিক্ষণ শাখা থেকে ২৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে।জানতে চাইলে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আইনগত কারণেই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ প্রস্তাব দিয়েছি। যেহেতু বিডিআরের বিচারকাজ প্রক্রিয়াধীন, এ ছাড়া বিচারের জন্য দেশের বিভিন্ন স্থানে যেতে হচ্ছে, সে বিবেচনায় এ প্রস্তাব দেওয়া হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বিডিআরকে এ ব্যাপারে সহায়তা করবেন বলে জানিয়েছেন।বিডিআরের চিঠিতে বলা হয়, ২২ জুন কোনো আগাম তথ্য না দিয়ে বা আগে থেকে কিছু না জানিয়ে পিলখানায় নিয়োজিত ১০০ পুলিশ সদস্য প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়। এ সিদ্ধান্ত সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে সংকটাপন্ন করে তুলবে। এ অবস্থায় বর্তমানে বিডিআর স্থাপনাগুলোয় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর কোনো পুলিশ সদস্যকে প্রত্যাহার না করার আহ্বান জানানো হয়।এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘বিডিআরের অনুরোধপত্রটি আমরা পেয়েছি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।’গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারির বিডিআর বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের পর পিলখানার নিরাপত্তার জন্য ৬৮০ জন এবং পিলখানার বাইরের ইউনিটগুলোর অস্ত্রাগার বা ম্যাগাজিনের নিরাপত্তার জন্য দুই হাজার ১২৫ জন—মোট দুই হাজার ৮০৫ জন পুলিশ সদস্যকে নিয়োজিত করা হয়।পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পিলখানাসহ ঢাকার বাইরের বেশ কিছু স্থাপনা থেকে পুলিশ পুরোপুরি প্রত্যাহার করা হয়। এ ছাড়া অবশিষ্ট ইউনিটগুলোয় নিয়োজিত পুলিশের সংখ্যা পর্যায়ক্রমে কমানো হয়।চিঠিতে বলা হয়, সম্প্রতি আগে থেকে অবহিত না করে ঢাকা ও বাইরের স্থাপনাগুলো থেকে পুলিশ প্রত্যাহারের প্রবণতা লক্ষ্য করা গেছে।বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক বলেন, বেশির ভাগ পুলিশ সদস্য প্রত্যাহার করা হয়েছে। বাকিগুলো প্রত্যাহার না করার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ বাহিনীর সহযোগিতা খুবই দরকার বলে মন্তব্য করেন তিনি।