বিডিআরে বিদ্রোহ বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের বিচার শুরু হয়েছে। গত বছরের ২৫ ফেব্রুয়ারি যে দরবার হলে বিদ্রোহের সূচনা হয়েছিল, এক বছর পর সেই দরবার হলেই গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বসেন বিশেষ আদালত-৫। এই আদালতে ঢাকা সেক্টরের অধীনে দায়িত্বরত বিদ্রোহীদের বিচারকাজ শুরু হয়।বিশেষ আদালতের প্রথম দিন গতকাল মামলার বাদী ঢাকা সেক্টর সদরের ভারপ্রাপ্ত নায়েব সুবেদার মো. শাহ আলম ভূঁইয়া তাঁর লিখিত আরজি তুলে ধরেন। আদালত তাঁর আরজি আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির করার আদেশ দেন। আজ বুধবার দ্বিতীয় দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ১৯ এবং গতকাল গ্রেপ্তার দেখানো ৬৫ জওয়ানসহ মোট ৮৪ জন আসামিকে আদালতে হাজির করা হবে। আজ বিশেষ আদালত বসবেন সকাল ১০টায়। উল্লেখ্য, মোট ৮৬ আসামির মধ্যে দুজন ঘটনার পর থেকে পলাতক আছেন।বাদী ভারপ্রাপ্ত নায়েব সুবেদার মো. শাহ আলম ভূঁইয়া তাঁর আরজিতে গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে কখন কীভাবে বিদ্রোহ শুরু হয়েছিল, একে একে সেনা কর্মকর্তাদের কীভাবে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়, তার বিশদ বর্ণনা দেন। তিনি বলেন, বিদ্রোহের ঘটনায় মোট ৮৬ বিডিআর সদস্য জড়িত। এদের মধ্যে ৩০ থেকে ৩৫ জন সরাসরি জড়িত, অন্যরা বিদ্রোহ দমনের চেষ্টা না করে পরোক্ষভাবে তাদের সহযোগিতা করেছে। বাদী প্রত্যেক আসামির নাম পড়ে শোনান এবং আদালতকে জানান, এই মামলায় সাক্ষীর সংখ্যা ৩০। আদালত বাদীর আরজি শুনে পলাতক আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পুলিশের প্রতি নির্দেশ দেন।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বিশেষ আদালতে সভাপতিত্ব করেন। লে. কর্নেল এ কে এম গোলাম রব্বানী সদস্য-১ এবং মেজর সাইদ হাসান সদস্য-২ হিসেবে শপথ নেন। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্ল্যাহ এবং বিশেষ পিপি মোশারফ হোসেন, মঞ্জুর মোহাম্মদ, শাহনেওয়াজ ও শেখ বাহারুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।বিশেষ আদালতের কৌঁসুলি মেজর মতিউর রহমান বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি চোখ মুছতে মুছতে বলেন, ‘তথাকথিত ওই বিদ্রোহে আমি আমার আটজন ব্যাচমেটকে হারিয়েছি। তাঁদের একজন কর্নেল নাফিস। তিনি বিয়ের বহু বছর পর সন্তানের বাবা হয়েছিলেন। সেই ছেলে বাবাকে চেনার আগেই এতিম হয়েছে। আরেক কর্মকর্তা মৃত্যুর আগে তাঁর ছেলের মোবাইলে বার্তা পাঠিয়ে বলেছেন, বাবা, তুমি তোমার মাকে দেখো, ছোট বোনের প্রতি নজর রেখো।’ মেজর মতিউর কাঁদতে কাঁদতে বলেন, আসামিদের শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট সাক্ষী সংগ্রহে আছে। তথাকথিত দাবি আদায়ের নামে অবিবেচক বিপথগামী বিডিআর সদস্যরা প্রতিষ্ঠানটির কলঙ্কময় অধ্যায় রচনা করেছে। সেই বিদ্রোহীরা দুই ভাগে বিভক্ত হয়ে এই নারকীয় অপরাধ সংঘটিত করে।বেলা সোয়া দুইটায় আদালত মুলতবির পর বিডিআর সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহম্মেদ। তিনি বলেন, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে তথাকথিত দাবি আদায়ের নামে উল্লেখযোগ্যসংখ্যক বিডিআর সদস্য ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত করে। এ ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা ও একজন সুবেদার মেজরের মৃত্যু হয়। হতাহত হয়েছেন আরও অনেক সামরিক-বেসামরিক লোক। পিলখানায় বিদ্রোহী বিডিআর সদস্যরা শুধু নিরস্ত্র সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যাই করেনি, তারা কর্মকর্তাদের লাশ গুম, মাটি চাপা দেওয়া, নর্দমায় লাশ ফেলা, তাঁদের বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, গাড়িতে আগুন দেওয়া, কর্মকর্তাদের নিষ্পাপ শিশু ও পরিবারের সদস্যদের মানবঢাল হিসেবে ব্যবহার এবং তাঁদের ওপর অমানবিক অত্যাচার করতে পিছপা হয়নি।বিডিআর সদর দপ্তরের একটি সূত্র জানায়, সারা দেশে বিদ্রোহে জড়িতদের বিচারের জন্য ঢাকায় দুটি ও ঢাকার বাইরে চারটি বিশেষ আদালত গঠন করা হয়েছে। ঢাকায় স্থাপন করা দুটি আদালতে ১০টি ইউনিটের বিদ্রোহের বিচার হবে। এর মধ্যে রাঙামাটিতে দুটি এবং ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বিচার শুরু হয়েছে।আরও আট জওয়ান গ্রেপ্তার: আদালত প্রতিবেদক জানান, রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা বিডিআর বিদ্রোহের মামলায় গতকাল আরও নয় জওয়ানকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় আনোয়ার হোসেনসহ আটজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ঢাকার মহানগর হাকিম দিলারা আলো প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফলে এই মামলায় অভিযোগপত্র দাখিলের বিষয়টি আরও পিছিয়ে গেল।এ ছাড়া নেত্রকোনার বারহাট্টা থানায় আবু হাসান নামের এক জওয়ানকে নিহত মেজর মুকিম সরকারের ব্যবহূত মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২৮ ফেব্রুয়ারি হাসানকে আদালতে হাজির করতে বলা হয়েছে।এ মামলায় গতকাল পর্যন্ত দুই হাজার ২০৪ জওয়ানকে গ্রেপ্তার দেখানো হলো। এদের মধ্যে দুই হাজার ৮৫ জওয়ানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল আরও আটজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া ৫৩১ জওয়ান এবং নয়জন সাধারণ ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।জামিন নাকচ দিনাজপুর অফিস জানায়, দিনাজপুরে বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়া ৩১ বিডিআর সদস্যের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ ২৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, গতকাল দিনাজপুর সেক্টরের ১৪ জন ও সদর ২ রাইফেলস ব্যাটালিয়নের ১৭ জনকে কড়া নিরাপত্তায় দুপুর দুইটায় দিনাজপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম ফজলুল হকের আদালতে হাজির করা হয়। বিডিআর সদস্যদের নিয়োজিত আইনজীবী আসামিদের পক্ষে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করেন। মামলার অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ায় মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।