বিডিআরে বিদ্রোহ রাজনগরের মামলায় আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজনগর ১২ ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় আজ রোববার দুপুর দুইটায় আবারও বিচারকাজ শুরু হচ্ছে। আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের পর প্রথমবারের মতো এ মামলার রায় ঘোষণা করা হতে পারে। রাঙামাটি সেক্টর সদরে স্থাপিত বিশেষ আদালত-৪-এ ওই বিচারকাজে সভাপতিত্ব করবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামিরা যদি মনে করেন তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা, তাহলে তাঁরা আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন। আর তাঁরা তা না করলে রায় ঘোষণা করা হবে। ওই মামলায় এর আগে অভিযোগ গঠনের পর সাক্ষ্য নেওয়া হয়। রাজনগর ১২ ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় আসামিরা হলেন—হাবিলদার মো. শামসুল হক, মো. সোহরাব হোসেন, মো. শিব্বির আহমেদ, সিগন্যালম্যান মো. আবদুর রহমান, সিপাহি আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেন, মো. রাসেল কবির, মোহাম্মদ জহির উদ্দিন ও মো. সরওয়ার কামাল। আদালতে সভাপতিকে সহায়তা করবেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর এ জেড এ গোলাম মুস্তফা আল মামুন। সরকারি কৌঁসুলি লে. কর্নেল হাবিবুল করিমকে সহায়তা করবেন হাইকোর্টের আইনজীবী মোশাররফ হোসেন ও হাবিবুর রহমান।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার জের ধরে ঢাকার বাইরে বিডিআরের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এগুলোর মধ্যে রাজনগর ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় গত ২৪ নভেম্বর নয় জওয়ানের বিরুদ্ধে প্রথম বিচারকাজ শুরু হয়। রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার ও খাগড়াছড়িতে অবস্থিত বিডিআর সেক্টর, ব্যাটালিয়ন ও সাতকানিয়া বিডিআর প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের ঘটনার বিচারের জন্য গঠিত হয় বিশেষ আদালত-৪। এই আদালতে কাল সোমবার মারিশ্যা ৯ ব্যাটালিয়নের ৭৫ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে।