পিলখানা হত্যাকাণ্ড: জেরায় সাহারা খাতুন
বিডিআরে বিদ্রোহের খবর পেয়েছিলেন স্বজনের কাছ থেকে
পিলখানায় বিডিআরে বিদ্রোহের খবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পেয়েছিলেন এক স্বজনের কাছ থেকে, কোনো বাহিনীর কাছ থেকে নয়। পিলখানা হত্যা মামলায় গতকাল বুধবার জবানবন্দি শেষে আসামিপক্ষের জেরায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।জবানবন্দিতে বর্তমান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিদ্রোহের খবর পেয়েই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। গিয়ে দেখেন, প্রধানমন্ত্রী এর আগেই খবর জেনেছেন। প্রধানমন্ত্রীকে ওই সময় উদ্বিগ্ন দেখাচ্ছিল।রাজধানীর বকশীবাজারে সরকারি আলীয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই হত্যা মামলার বিচার চলছে। সাহারা খাতুন এ মামলার ৬৩৪তম সাক্ষী। এর আগে সাক্ষ্য দেন আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ শেখ ফজলে নূর তাপস। এ মামলায় মোট সাক্ষী এক হাজার ৩৪৫ জন।আদালতের নিয়মিত বিচারক জহুরুল হকের অনুপস্থিতিতে গতকাল সাহারার সাক্ষ্য গ্রহণ করেন অতিরিক্ত জেলা জজ মো. আখতারুজ্জামান। সকালে কার্যক্রমের শুরুতে আসামিদের মধ্যে হট্টগোল শুরু হয়। আসামিরা অভিযোগ করেন, মামলা-সংক্রান্ত বক্তব্য লিখিত আকারে আনতে তাঁদের আইনজীবীদের মৌখিক নির্দেশ দিয়েছিলেন আদালত। তাই সারা রাত ধরে তাঁরা কাগজে বক্তব্য লিখে রাখলেও আনার সময় কারাগার কর্তৃপক্ষ তা ছিঁড়ে ফেলে।পরে বিচারক, সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোশাররফ হোসেন ও আসামিপক্ষের আইনজীবী শামীম সরদারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আদালতের পক্ষ থেকে কারা প্রশাসনের একজন কর্মকর্তাকে ডেকে এনে পরিস্থিতি বোঝানো হয়।পরে সকাল সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত জবানবন্দি দেন সাহারা খাতুন। জবানবন্দিতে তিনি ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদকে পিলখানার চারদিকে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন।টেলিযোগাযোগমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম ১৩-১৪ জন বিডিআর জওয়ানকে নিয়ে প্রধানমন্ত্রীর তৎকালীন বাসভবন যমুনায় আসেন। আলোচনার সময় তাঁরা দাবি করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলে তাঁরা আত্মসমর্পণ করবেন। তাঁরা আত্মসমর্পণে রাজি হয়ে পিলখানায় ফিরে বলেন, কেউ রাজি হচ্ছে না। এরপর আবার আলোচনা চলতে থাকে। তিনি বলেন, ‘রাত ১২টার পর আমরা ভেতরে যাই। জওয়ানরা জানান, আত্মসমর্পণ করলে সেনাবাহিনী তাঁদের গুলি করে মেরে ফেলবে। অনেকক্ষণ কথা বলার পর তাঁরা অস্ত্রগারে নিয়ে যায় এবং আত্মসমর্পণ করতে শুরু করে। সেনা কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়ার কথা বললে তাঁরা বলেন, সবাই হাসপাতালে আছেন, আগামীকাল তাঁদের ছেড়ে দেওয়া হবে। কিছুতেই সেখানে নিতে রাজি হচ্ছিলেন না।’সাহারা খাতুন বলেন, ওই সময় দেশের আরও ২৯টি স্থানে বিদ্রোহের ঘটনা ঘটেছিল।জবানবন্দির পর সাহারা খাতুনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। দাবি-দাওয়া নিয়ে যেসব বিডিআর সৈনিক আপনার বাসায় গিয়েছিল, তাঁদের সঙ্গে কী আপনার দেখা হয়েছিল—একজন আইনজীবীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না হয়নি। আরেক আইনজীবী বলেন, আপনার সহকারী একান্ত সচিব (এপিএস) মোশাররফ হোসেন এসব ঘটনা আগে থেকে জানতেন। এ কারণে পিলখানায় যাওয়ার সময় তাঁকে সঙ্গে নেননি। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।প্রধানমন্ত্রী তো সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, তা হলে বিচার হবে কেন—এ প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, প্রধানমন্ত্রী শর্ত সাপেক্ষে ক্ষমা ঘোষণা করেছিলেন। জওয়ানরা সে শর্ত মানেননি।দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল চারটা ১০ মিনিটে জেরা শেষ হয়। পরে বিচারক আখতারুজ্জামান ৮ এপ্রিল পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।