বিডিআর বাহিনীতে প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের নীতিনির্ধারকদের এক বৈঠকে এ প্রস্তাব করা হয়।প্রস্তাবে বলা হয়, বিডিআর বাহিনীতে বেসামরিক কাজ দেখার জন্য যুগ্ম সচিব, উপসচিব ও জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা থাকবেন। বাহিনীর জন্য প্রস্তাবিত নতুন আইনের খসড়ায় বিডিআর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যে অংশ ছিল, তার পরিবর্তে এসব কর্মকর্তার নিয়োগের সুপারিশ করা হয়।এ প্রস্তাবের ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘কমিটির সভায় এ ধরনের প্রস্তাব এসেছে। আমরা এসব প্রস্তাব যাচাই-বাছাই করে দেখছি।’সূত্র জানায়, সভার প্রস্তাবে বলা হয়, বিডিআর বাহিনীতে ‘সিভিল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স’ (বেসামরিক ও আইনবিষয়ক) নামের নতুন একটি শাখা থাকবে। এর দায়িত্বে থাকবেন অতিরিক্ত মহাপরিচালক, যিনি হবেন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা। এর নিচে থাকবেন একজন পরিচালক, যিনি হবেন উপসচিব পদমর্যাদার। সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণের জন্য বিডিআরের প্রতিটি সেক্টর সদর দপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদের কর্মকর্তা নিয়োগ করা হবে। জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তা বেসামরিক ও আইনবিষয়ক কর্মকর্তা হিসেবে কাজ করবেন।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিডিআরের সাবেক মহাপরিচালক এম আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, এই কর্মকর্তাদের অবশ্যই বিডিআরের মহাপরিচালকের অধীনে কাজ করতে হবে। অনেক বাহিনীতে এ ধরনের লোক আছেন। এতে বাহিনীর সদস্যদের আইনি কাজকর্মের ঝামেলা কমে যাবে।নতুন এ প্রস্তাবে বলা হয়, সিভিল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স শাখার কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা সেক্টর সদর দপ্তরে বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন। বেসামরিক অভাব-অভিযোগের বিষয়ে তাঁরা ব্যবস্থাও নিতে পারবেন। এ ছাড়া ভূমিসংক্রান্ত সব ধরনের জটিলতা নিরসনে তাঁরা দায়িত্ব পালন করবেন। বিডিআরের সব মামলাও তাঁরা পরিচালনা করবেন।বৈঠকে নতুন এই প্রস্তাবের পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, জেলা পর্যায়ে, বিশেষ করে সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে বিডিআরকে অনেক কাজ করতে হয়। এ কাজ করতে গিয়ে বিডিআর সাধারণত অপরাধমূলক কাজ এবং অবৈধ নানা তৎপরতা শনাক্ত করে। এ জন্য বর্তমান আইন অনুযায়ী এসব কাজে বিডিআরকে পুলিশের ওপর নির্ভর করতে হয় এবং সেভাবেই মামলা করতে হয়। কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার কারণে মামলাগুলো একপর্যায়ে দুর্বল হয়ে যায় এবং এর সুফল পায় অপরাধীরা। ফলে বিডিআরের সদস্যদের নৈতিক মনোবলের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাহিনীতে থাকলে তিনি তাত্ক্ষণিক বিষয়টি আমলে নিতে পারবেন এবং সাজা দিতে পারবেন।জরুরি অবস্থার সময় (প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা) বিডিআরের সদস্যরা যে দায়িত্ব পালন করে থাকেন, তার প্রকৃতি বেসামরিক ধরনের। ফলে এ ক্ষেত্রে ওই বেসামরিক কর্মকর্তারা অনুঘটক হিসেবে কাজ করতে পারবেন।বৈঠকের ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার প্রথম আলোকে বলেন, ‘প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তা নিয়োগের প্রস্তাব আমরা পেয়েছি। এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।’ সেনাবাহিনীতেও এ ধরনের ক্যাডারের কর্মকর্তা আছেন বলে তিনি জানান।সূত্র জানায়, বিডিআর বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে প্রচলিত বাংলাদেশ রাইফেলস অর্ডার ১৯৭২ ও বাংলাদেশ রাইফেলস (স্পেশাল প্রভিশন) অর্ডিন্যান্স, ১৯৭৬ বিলুপ্ত করার প্রস্তাব রেখে নতুন বিলের খসড়া প্রস্তুত করা হয়। এ বিলটিকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০০৯’ নামে অভিহিত করার প্রস্তাব করা হয়েছে। বিলটিতে বিডিআরের নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ করার প্রস্তাব করা হয়েছে।বিডিআর সূত্র জানিয়েছে, বিদ্রোহসহ বড় অপরাধের কারণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান থাকার সুপারিশ করে গত বছরের ১৫ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০০৯ নামে বিডিআরের প্রস্তাবিত নতুন আইনের খসড়া জমা দেওয়া হয়। নতুন আইনের খসড়ায় সীমান্তে চোরাচালান প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তাব ছিল। এ আদালত ঘটনাস্থলেই চোরাকারবারিদের গ্রেপ্তারের পর সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সাজা দিতে পারবেন। কিন্তু গত ফেব্রুয়ারির আন্তমন্ত্রণালয় বৈঠকে বিডিআরের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া নিয়ে আপত্তি ওঠে। এরপর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার অংশটুকু বাদ দিতে বলা হলে বিডিআরের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি অংশটুকু বাদ দিয়ে নতুন করে খসড়া জমা দেওয়া হয়। খসড়াটি মন্ত্রিসভা কমিটির বৈঠকে যাওয়ার আগে নীতিনির্ধারকেরা এটি যাচাই-বাছাই করতে বৈঠকে বসেন।বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিডিআর বাহিনীর জন্য প্রস্তাবিত নতুন বিলের খসড়ার ষোড়শ অনুচ্ছেদে সীমান্তে চোরাচালান দমনের জন্য বিডিআরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতার কথা বলা হয়েছিল। বৈঠকে এ অনুচ্ছেদের ১৪০, ১৪১ ও ১৪১ ধারা সংশোধনের প্রস্তাব করা হয়। এর মধ্যে ১৪০(১) ধারার সংশোধনীতে বলা হয়, বিডিআর বাহিনীতে সিভিল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স হিসেবে সরকার নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন। তাঁরা ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আইন, ২০০৯’ অনুসারে সীমান্তের নিরাপত্তা ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে তাত্ক্ষণিক অভিযোগ গ্রহণ করবেন এবং সাজা দিতে পারবেন।সংশোধনীতে ১৪০ ধারার উপধারা (২) বাতিলের প্রস্তাব করা হয়েছে। এ উপধারায় ভ্রাম্যমাণ আদালতের দুই বছর সাজা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। এ ছাড়া ১৪১-এর (১) ও (২) ধারা সংশোধন করে বর্ডার কর্মকর্তার বদলে সিভিল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স কর্মকর্তা নাম রাখার প্রস্তাব করা হয়েছে। খসড়া আইনের ১৪২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্তদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করার যে ক্ষমতা দেওয়া হয়েছিল, তা সংশোধন করে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করার প্রস্তাব করা হয়েছে।এসব প্রস্তাবের ব্যাপারে জানতে চাইলে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই বাহিনীকে তার মতো করেই চলতে দিতে হবে। এমন কোনো কিছু করা ঠিক হবে না, যাতে বাহিনীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।