জওয়ানদের বিদ্রোহের পর বিডিআরের সংকটময় মুহূর্তে বাহিনী পরিচালনার দায়িত্ব নেন মেজর জেনারেল মইনুল ইসলাম। গত এক বছরে বিডিআরের জন্য কী করা হয়েছে, কী করা হয়নি, কী করা উচিত ইত্যাদি নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। ২০ ফেব্রুয়ারি পিলখানায় নিজের দপ্তরে বসে তিনি এ সাক্ষাত্কার দেন। সাক্ষাত্কার নিয়েছেন কামরুল হাসান।প্রথম আলো: পিলখানা হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো। কী করছেন আপনারা?মইনুল: দিনটিতে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল এবং দোয়া করা হবে।প্রথম আলো: এক বছর পর আপনার কি মনে হয়, এত বড় বিদ্রোহে অন্য কোনো পক্ষের হাত থাকতে পারে?মইনুল: তদন্ত কমিটির সঙ্গে আমি ছিলাম। অধিকতর তদন্তে ভবিষ্যতে আরও তথ্য পাওয়া যেতে পারে। তবে আমরা অপারেশন ডাল-ভাত এবং এ-সম্পর্কিত বিভিন্ন তথ্যের বিভ্রাটও তেমন পাইনি। গুজবের কারণে বিডিআরের একটি অংশ প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। তারাই এ ঘটনার নেতৃত্ব দিয়েছে।প্রথম আলো: বিভিন্ন মহল থেকে বলা হয়, বিদ্রোহের পরপরই সেনা অভিযান শুরু হলে কর্মকর্তাদের প্রাণ দিতে হতো না।মইনুল: বাস্তবতা কিন্তু ভিন্ন। পিলখানা থেকে বেঁচে আসা সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা বলেছেন, জওয়ানেরা তাঁদের এক জায়গায় জড়ো করেছিল জিম্মি করার চিন্তাভাবনা থেকে। সেনা আক্রমণ হলে উচ্ছৃঙ্খল ও নীতিবিবর্জিত জওয়ানেরা নিজেদের দুর্বলতার কারণেই পরিবারের সদস্যদের কাউকে বাঁচিয়ে রাখত না। পিলখানার জানমালের আরও ক্ষয়ক্ষতি হতো এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হতো।প্রথম আলো: বিদ্রোহের পর এ বাহিনীর সদস্যদের বিচারের পাশাপাশি পুনর্গঠন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক বছরে সেটা কতটা এগিয়েছে?মইনুল: দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বাহিনীর পুনর্গঠনের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। রক্তক্ষয়ী বিদ্রোহের পর বিডিআরের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে এর নাম বদল করে প্রস্তাবিত নতুন আইনে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ রাখার প্রস্তাব করা হয়েছে। পুনর্গঠনের একটি রূপরেখা গত বছরের ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। তিনি প্রস্তাবটি শোনেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এসব দিকনির্দেশনাসহ রূপরেখাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপিত হওয়ার পর গত বছরের ১৬ সেপ্টেম্বর সরকার বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেন। এখন প্রস্তাবটি মন্ত্রিপরিষদে উপস্থাপনের অপেক্ষায় আছে।প্রথম আলো: যেসব পুনর্গঠন করা হচ্ছে, এগুলো করা কি খুব জরুরি? মইনুল: স্বাধীনতার পর ইপিআরের আদলে বিডিআর তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষ এখন অনেক সচেতন। সেই বিবেচনায় জনবল বা অস্ত্র বৃদ্ধি পেলেও বিডিআরে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। ভবিষ্যতে কী হতে পারে এ ব্যাপারে আমাদের আগে থেকেই চিন্তা করা উচিত এবং সে অনুযায়ী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আমরা রক্তের মাধ্যমে অনেক মূল্য দিয়েছি। এখন সময় এসেছে বাহিনীকে পুনর্গঠন করার।প্রথম আলো: আপনাদের নতুন আইনের কী হলো?মইনুল: বিদ্রোহসহ বড় অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের সুপারিশ করে গত বছরের ১৪ ডিসেম্বর সরকারের কাছে নতুন ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০০৯’-এর খসড়া জমা দেওয়া হয়েছে। খড়সা নিয়ে দুটি আন্তমন্ত্রণালয় সভাও হয়েছে। আশা করছি, শিগগিরই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হবে।প্রথম আলো: এই খসড়ায় সীমান্তে চোরাকারবারি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত করারও একটি প্রস্তাব করা হয়েছে। ওই আদালত চোরাকারবারি গ্রেপ্তারের পর সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সাজা দিতে পারবে। এটা নিয়ে তো মন্ত্রণালয় আপত্তি করেছে।মইনুল: ভ্রাম্যমাণ আদালতের খসড়া প্রস্তাবটিসহ ভাষাগত দু-একটি বিষয় বাদ দিয়ে কিছুটা সংযোজন-সংশোধন করে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া বাকিগুলো সব ঠিক আছে। বর্তমানে খসড়াটি মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপনের অপেক্ষায় আছে। সীমান্তে দায়িত্ব পালনে এ বাহিনীর সদস্যদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বর্ডার গার্ড আইন করা হয়েছে।প্রথম আলো: এত কিছুর পরও এখন পর্যন্ত পোশাক বদল করা ছাড়া তো আর কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।মইনুল: এটা সত্যি। কিন্তু এসব কাজে সময় লাগে। হঠাত্ করে কিছু করা যায় না। আমাদের সব প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে।প্রথম আলো: বিচার প্রসঙ্গে আসি, বিডিআর বিদ্রোহের বিচারের কী হলো?মইনুল: বিদ্রোহী বিডিআর সদস্যদের বিচার হচ্ছে দুভাবে। একটি বিডিআরের নিজস্ব আইনে, অন্যটি ফৌজদারি অপরাধ হিসেবে, যেটা সিআইডি তদন্ত করছে। বিডিআরের নিজস্ব আইনে ইতিমধ্যে ছয়টি স্থানে বিচার শুরু হয়েছে। ঢাকার বিচার ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। ঢাকায় দুটি আদালতে ১০টি ইউনিটের বিচার হবে। এসব বিচারের জন্য ইউনিটগুলো তাদের তদন্তকাজ প্রায় শেষ করে ফেলেছে।প্রথম আলো: শোনা যাচ্ছে, বিচার খুব ধীরগতিতে হচ্ছে, এর কারণ কী?মইনুল: বিডিআর আইনের অনুসরণীয় পর্যায়গুলোর জন্য এটুকু তো সময় লাগবেই। আইন অনুসারে আদালতের সভাপতি হলেন বিডিআরের মহাপরিচালক। সব কটি আদালতের দায়িত্ব পালন করার জন্য পদ্ধতিগত কারণে সময় বেশি লাগছে।প্রথম আলো: ঢাকার বিচার শেষ করতে কত সময় লাগতে পারে?মইনুল: আমরা চেষ্টা করব দ্রুত করার। তার পরও সুবিচার করতে বিচারককে সময় দিতে হবে।প্রথম আলো: ঢাকার বিচার শুরু করতে এত বেশি সময় লাগল কেন?মইনুল: ঢাকায় যেসব সদস্য ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, তাদের জবানবন্দি নিতে বেশি সময় লেগেছে। আমরা সরকারের অনুমতি নিয়ে কারাগারে গিয়ে জনে জনে জবানবন্দি নিয়েছি। সাধারণভাবে কথাবার্তার বলার মতো করে ছাড়া জবানবন্দি নেওয়ার আর কোনো ব্যবস্থা নেই।প্রথম আলো: জওয়ানেরা কি নিজেদের দোষ স্বীকার করেছে?মইনুল: গ্রেপ্তার হওয়া বেশির ভাগই দোষ অস্বীকার করার চেষ্টা করেছে। তবে তদন্তে সাক্ষ্যপ্রমাণের মাধ্যমেও সত্য প্রকাশ পাচ্ছে। এ ক্ষেত্রে সেদিন পিলখানায় উপস্থিত বিডিআর সদস্যরাই সত্য প্রকাশে সহযোগিতা করছে।প্রথম আলো: সিআইডির তদন্ত কত দূর এগোল?মইনুল: সিআইডির মামলার ব্যাপারে কিছু বলতে চাই না। তবে এখন পর্যন্ত যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তারা সবাই নিউমার্কেট থানায় দায়ের করা মামলার আসামি। বিদ্রোহের ঘটনার বিচার যেহেতু বিডিআরের পক্ষ থেকে করা হচ্ছে। তাই প্রয়োজন হলেই তাদের এই অভিযোগে গ্রেপ্তার দেখানো হবে।প্রথম আলো: বিদ্রোহের পরপরই পিলখানায় জিজ্ঞাসাবাদের নামে জওয়ানদের নির্যাতন করা হয়েছে। দুজন নির্যাতনে মারাও গেছেন। অনেকে আত্মহত্যা করেছেন।মইনুল: না, নির্যাতনের অভিযোগ সত্য নয়। দুজনের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে মামলা হয়েছে, এ মামলার তদন্ত আইন অনুযায়ী হচ্ছে। বিদ্রোহের পর এ পর্যন্ত বিভিন্ন কারণে ৬৯ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকায় ২৯ এবং ঢাকার বাইরে ৪০ জন। এ তালিকায় আত্মহত্যা করেছে নয়জন—চারজন ঢাকায়, পাঁচজন ঢাকার বাইরে। বিদ্রোহের পরপরই জওয়ানদের ভেতরে হতাশা ছিল। সে কারণে তারা আত্মহত্যা করেছিল। এখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। প্রথম আলো: বিদ্রোহের সময় যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেগুলোর কী হাল?মইনুল: বিদ্রোহের সময় ব্যবহার করা তিন হাজার ৪৪১টি অস্ত্র সিআইডি জব্দ করে আমাদের জিম্মায় দিয়ে গেছে। অস্ত্রগুলো মালখানায় রাখা হয়েছে। এ অস্ত্র বিডিআরের পিলখানার মোট অস্ত্রের ৫৫ শতাংশ। অস্ত্রগুলোর অধিকাংশ ফায়ার হয়েছে বলে কার্বনের কারণে নষ্ট হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে যেতে পারে।প্রথম আলো: যেসব অস্ত্র খোয়া গেছে, সেগুলোর কী হলো?মইনুল: এখন পর্যন্ত ৭৭টি অস্ত্র ও ১৯৯টি আর্জেস গ্রেনেড, ৩৬ হাজার ২৬৩টি রাইফেল, এসএমজি ও এলএমজির গুলি, এক হাজার ৬৯১টি পিস্তল-রিভলবারের গুলি, এক হাজার ৪৭৬টি সাব-মেশিনগানের গুলিসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ খোয়া গেছে। এসব কেউ নিয়ে গেছে না ব্যবহার করেছে, সেটা বলা মুশকিল। পিলখানার ভেতরে আর্জেস গ্রেনেড ব্যবহার করার আলামত পাওয়া গেছে।প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।মইনুল: আপনাকেও।