বিডিআরের ঘটনায় ফৌজদারি মামলার বিচার জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহের ঘটনায় করা ফৌজদারি মামলার বিচার আগামী জানুয়ারি মাসে শুরু হচ্ছে। ঢাকার বাইরে বিডিআর বিদ্রোহের বিচার আগামী দুই-তিন মাসের মধ্যে শেষ হবে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের বিচারকাজ শেষ হতে আরও কিছু সময় লাগবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বৈকালিক সংবর্ধনায় এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।আগের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত থাকলেও এবার তিনি যাননি। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেনাসূত্র জানায়, খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক করতে আমরা সাঁজোয়া যান, ফ্রিগেট ও মিগ-২৯-এর মতো সমরাস্ত্র সংযোজন করেছিলাম। ওই সময় ৫২ পদাতিক ব্রিগেড, কম্পোজিট ব্রিগেড, স্পেশাল ওয়ার্কস ব্রিগেড ও কয়েকটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছিল। মেশিন টুলস ফ্যাক্টরি ও খুলনা শিপইয়ার্ড সশস্ত্র বাহিনীকে দেওয়া হয়েছিল। এবার সেনাবাহিনীর যুদ্ধবহর আরও শক্তিশালী করতে ১৪০টি সাঁজোয়া যান (এপিসি) কেনা হয়েছে। আধুনিক ট্যাংক ও স্বয়ংক্রিয় কামান কেনার প্রক্রিয়া চলছে। মিরপুর সেনানিবাসে ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট নামে নতুন একটি রেজিমেন্টও প্রতিষ্ঠা করা হয়েছে।শেখ হাসিনা বলেন, নৌবাহিনীর বহরে একটি জরিপ জাহাজ, আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও উপকূল টহল জাহাজ যুক্ত হয়েছে। বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন জঙ্গি বিমান ও হেলিকপ্টারসহ স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। দক্ষিণাঞ্চলসহ বঙ্গোপসাগরে নিবিড় পর্যবেক্ষণের জন্য কক্সবাজারে একটি অগ্রবর্তী বিমান ঘাঁটি স্থাপন করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর আবাসন সমস্যা সমাধানের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের পথে। সাভার সেনানিবাস এলাকায় একটি ডিওএইচএস প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিন বাহিনীর খাদ্যতালিকায়ও সমতা আনা হয়েছে। তিনি বলেন, ‘বিডিআরে বিদ্রোহের ঘটনায় যথাযথ বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিচারকাজ ত্বরান্বিত করার জন্য আইন সংশোধন করা হয়েছে।’শেখ হাসিনা বলেন, ভোটার পরিচয়পত্র সফলভাবে সম্পন্ন করার পর জাতীয় পরিচয়পত্র তৈরির কাজও সেনাবাহিনীকে দেওয়া হয়। তারা মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির কাজও করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, লেবাননে শান্তিরক্ষা মিশনে দুটি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর তিনটি বেল হেলিকপ্টার ছাড়াও একটি পরিবহন বিমান ও একটি হেলিকপ্টারের সমন্বয়ে একটি এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা হয়েছে।অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ এবং বিমানবাহিনীর প্রধানের পক্ষে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবদুল করিম ও প্রতিরক্ষাসচিব খোন্দকার মো. আসাদুজ্জামানসহ মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, কূটনৈতিক মিশনের সদস্য, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিন বাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন: নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌ-ঘাঁটি, স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটিতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা। পরে সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর প্রধানের পক্ষে বিমানবাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধানের পক্ষে বিমানবাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন। তিনি বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।