বিডিআরের দোকান অনুমতি ছাড়া ভাঙায় থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের অনুমতি ছাড়াই বিক্রি হয়ে গেছে আগারগাঁও বেতার ভবনের পাশে তৈরি করা বিডিআরের দোকানটি। গত বুধবার থেকে দোকানটি ভাঙা শুরু হয়। বিডিআর এ ঘটনায় সাধারণ ডায়েরি করেছে। শেরেবাংলা থানার পুলিশ জানায়, বিডিআরের নায়েক সুবেদার আবু বকর গত বুধবার সকালে একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে অভিযোগ করা হয়, বিডিআরের অনুমতি ছাড়া কামাল হোসেন নামের এক ব্যক্তি দোকানটি ভেঙে নিয়ে যাচ্ছেন। বিডিআরের পক্ষ থেকে কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, দোকানটি তিনি বিডিআর কল্যাণ ট্রাস্টের কাছ থেকে কিনে নিয়েছেন। এ কেনাবেচার ব্যাপারে বিডিআর কর্তৃপক্ষ অবগত নয় বলে সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়।থানার পুলিশ জানায়, বিডিআরের অভিযোগের পর তাঁরা দোকানটি ভাঙা বন্ধ করে দিয়েছেন। তবে পুলিশ যাওয়ার আগেই দোকান প্রায় ভেঙে ফেলা হয়েছে। সূত্র জানায়, বিডিআরের দোকানটি গড়ে তোলা হয়েছিল সরকারি জমির ওপরে। সিটি করপোরেশন সেখান দিয়ে একটি নতুন রাস্তা করার কারণে দোকানটি ভেঙে ফেলার জন্য বিডিআরকে চিঠি দিয়েছে। বিডিআর কর্তৃপক্ষও দোকানটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার আগেই বিডিআর কল্যাণ ট্রাস্টের কর্মচারীরা দোকানটি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিক্রি করে দিয়েছেন।বিডিআর কল্যাণ ট্রাস্টের সদস্য-সচিব লে. কর্নেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া প্রথম আলোকে বলেন, বিডিআর কল্যাণ ট্রাস্টের সভাপতি বাহিনীর মহাপরিচালক নিজে। তাঁর অনুমতি ছাড়া এ প্রতিষ্ঠানের কোনো সম্পদ আইনগতভাবে কেউ বিক্রি করতে পারেন না। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য ১০টি দোকান ও একটি গুদাম নির্মাণ করে বিডিআর। নির্মল উদ্যোগ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত ওই প্রতিষ্ঠান এর বিনিময়ে বিডিআরকে কোনো অর্থই পরিশোধ করেনি। এ কারণে বিডিআর এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লে. কর্নেল আবু সালেহ জানান, সিটি করপোরেশনের চিঠির কারণে এমনিতেই আগারগাঁওয়ের দোকানটি ভেঙে ফেলা হতো। কিন্তু তার আগেই এটি বিক্রি হওয়ার বিষয় বিস্ময়কর। দোকানটির ক্রেতা কামাল হোসেনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, কল্যাণ ট্রাস্টের ম্যানেজার আশরাফ দোকানটি বিক্রি করেছেন। ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি নিয়ে বিক্রি করেছেন বলে তিনি জানান। তবে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। বিডিআর কর্মকর্তারা জানান, দোকানটি মাত্র দুই লাখ টাকায় বিক্রি করা হয়েছে। অথচ এটি নির্মাণে এর কয়েকগুণ বেশি অর্থ দিতে হয়েছে বিডিআরকে।