বিডিআরের নাম ও প্রতীক বদলে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম ও প্রতীক এক সপ্তাহের মধ্যে বদলে যাচ্ছে। আধাসামরিক এই বাহিনীর নতুন নাম হচ্ছে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি)। এই বাহিনীর সব স্থাপনা ও অঙ্গপ্রতিষ্ঠানের নামকরণও হবে এই নাম অনুসারে।গত ৮ ডিসেম্বর জাতীয় সংসদে ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল, ২০১০’ পাস হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল মঙ্গলবার এই বিলে সই করেন।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার গতকাল প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি এ বিলে সই করেছেন। আজকালের মধ্যে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম বলেন, নতুন আইনের গেজেট হাতে পাওয়ার পরই এর পরিবর্তনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।সূত্র জানায়, আগামী সপ্তাহের শুরুতে এ-সংক্রান্ত গেজেট ছাপা হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারে। তবে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরপরই নতুন আইন কার্যকর হয়ে গেছে।নতুন আইন কার্যকর হলে ২০০৯ সালে বিডিআরে বিদ্রোহের ঘটনায় করা মামলাগুলোর বিচারের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা দেখা দেবে কি না, জানতে চাইলে আইন বিশেষজ্ঞ শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, বাংলাদেশ রাইফেলস বা বিডিআর নতুন আইন অনুসারে বর্ডার গার্ড বাংলাদেশ নামে অভিহিত হবে। তবে অপরাধ সংঘটনের সময় বাহিনীতে যে আইন কার্যকর ছিল, সেই আইনে ওই অপরাধের বিচার হবে। অর্থাৎ বিডিআরে বিদ্রোহের মামলার বিচার যে আইনে চলছে, তা সেই আইনেই চলবে।বিডিআরের ২৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সামছুর রহমান গতকাল পিলখানায় এক সংবাদ সম্মেলনে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ আইন কার্যকর হওয়ার পর বিচার চলাকালে কোনো আসামি দলগত বা এককভাবে বিদ্রোহ সমতুল্য কোনো কাজ করলে, তার বিচার হবে নতুন আইনে।প্রসঙ্গত, বিডিআরে বিদ্রোহের পর এই বাহিনীর আধুনিকায়নে একটি নতুন আইন তৈরির বিষয়টি আলোচিত হয়। চলতি বছরের ১ মার্চ এ-সংক্রান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ১২ জুলাই ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০’-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন দেয়। ২০ সেপ্টেম্বর ‘বর্ডার গার্ড বাংলাদেশ বিল, ২০১০’ জাতীয় সংসদে উত্থাপিত হয়। নতুন আইনে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড। আগের আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল সাত বছরের কারাদণ্ড।