বিতরণ ব্যবস্থাপনায় কারসাজির কারণে সারা দেশে বিদ্যুতের সমবণ্টনের সরকারি নীতি লঙ্ঘিত হচ্ছে। মানুষের বিদ্যুৎসংশ্লিষ্ট দুর্ভোগও বেড়েছে। এই কারসাজি হচ্ছে সঞ্চালন থেকে বিতরণ সংস্থা পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) নিয়ন্ত্রণাধীন লোড ডেচপাস সেন্টার (এলডিসি) এবং গ্রাহকপর্যায়ে বিতরণকারী বিভিন্ন সংস্থার উপকেন্দ্র ও সুইচিং স্টেশন থেকে। কয়েকটি সূত্র জানায়, এই কারসাজির কারণে লোডশেডিংয়ের সময়সূচি ঠিক থাকে না। কোনো এলাকায় হয়তো টানা দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আবার কোনো এলাকায় ১৫ মিনিট বা আধা ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ চলে আসে। আবার হয়তো কিছুক্ষণ পরপর বিদ্যুতের আসা-যাওয়া চলে। এই দুর্ভোগ মানুষকে অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ করে তুলছে। বিভিন্ন স্থানে তার প্রকাশও ঘটছে।দেশে চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন ঘাটতির কারণে যে লোডশেডিং করা হয়, এই দুর্ভোগ তার অতিরিক্ত। লোডশেডিংয়ের সঙ্গে এই দুর্ভোগ মিলে সারা দেশের মানুষ সীমাহীন কষ্টের মধ্যে পড়েছে। বিতরণ ব্যবস্থাপনার এই কারসাজি বন্ধ করা গেলে উৎপাদিত বিদ্যুৎ সর্বত্র সমানভাবে বণ্টন হবে। তাতে নিয়ম অনুযায়ী লোডশেডিং হবে, বাড়তি দুর্ভোগ থাকবে না। বরাদ্দ অনুযায়ী ব্যবহার: বর্তমানে সারা দেশে বিদ্যুৎ বিতরণে যে নিয়ম অনুসরণ করা হয় তা হলো—প্রতিদিন বিদ্যুতের সম্ভাব্য মোট উৎপাদন ডিপিডিসি, ডেসকো, আরইবি, ওজোপাডিকো প্রভৃতি বিতরণকারী সংস্থার মধ্যে ভাগ করে (বরাদ্দ) দেওয়া হয়। বিতরণকারী সংস্থাগুলো যেদিন যেটুকু বরাদ্দ পায় সেটুকু আবার নিজ নিজ বিতরণ এলাকায় সমানভাবে বণ্টন করে বিতরণের পরিকল্পনা করে, যাতে সম্ভাব্য লোডশেডিংয়েরও পরিমাণ ও পরিকল্পনা থাকে।কিন্তু দেখা যায়, বিতরণকারী সংস্থাগুলো বরাদ্দ অনুযায়ী বিতরণ ও লোডশেডিং করার পরও এলডিসি থেকে কোনো বিতরণ লাইন সরাসরি বন্ধ করে দেওয়া হচ্ছে। বিতরণকারী সংস্থাগুলোর অভিযোগ, বরাদ্দের মধ্যে বিতরণ সীমাবদ্ধ রাখার পরও এলডিসি কোনো লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। টেলিফোনে প্রতিনিয়ত গালাগালি শুনতে হয়। কোথাও কোথাও অফিস আক্রমণ ও কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিতও হতে হচ্ছে।একাধিক বিতরণকারী কোম্পানির কয়েকজন কর্মকর্তা বলেন, এমনও হয়েছে যে একটি লাইনে পাঁচ মিনিট আগে লোডশেডিং শেষ করা হয়েছে। এলডিসি থেকে পাঁচ মিনিট পর সেই লাইনটিরই সরবরাহ বন্ধ করে দিল। আবার এমনও ঘটে, একটি লাইনে আধা ঘণ্টা পর লোডশেডিং করার কথা। সেই লাইনটি আধা ঘণ্টা আগেই এলডিসি থেকে বন্ধ করে দেওয়া হলো। ফলে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় দীর্ঘায়িত হয়।কয়েকটি ঘটনা: গত মঙ্গলবার রাত নয়টা ২০ মিনিটে মিরপুরের ৫ নম্বর ট্রান্সফরমারের (টি-৫) আওতাধীন এলাকায় বিদ্যুৎ চলে যায়। এলাকাবাসী স্বাভাবিকভাবেই ধরে নেয় যে লোডশেডিং শুরু হয়েছে। কিন্তু সাড়ে ১০টা বেজে যাওয়ার পরও যখন বিদ্যুৎ আসে না, তখন তারা অস্থির হয়ে ওঠে। এভাবে ১১টা বেজে যাওয়ার পর স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে ফোন করে তারা জানতে পারে, এক ঘণ্টার লোডশেডিং শেষ হওয়ার পর এলডিসি থেকে ওই লাইনে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়টি জানানোর জন্য তারা এলডিসির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। কারণ, সেখানে কেউ ফোন ধরছেন না। রাত ১১টা ২০ মিনিটে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ফলে সেখানে একটানা দুই ঘণ্টার লোডশেডিং হলো। এরপর আবার স্থানীয় বিতরণ সংস্থার সূচি অনুযায়ী রাত একটা থেকে শুরু হয় এক ঘণ্টা পর পর লোডশেডিং।কাফরুলে মঙ্গলবার বিকেল পাঁচটা ২৫ মিনিট থেকে সোয়া ছয়টা এবং রাত আটটা ২০ মিনিট থেকে নয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে এলডিসি সরবরাহ বন্ধ করে দেওয়ায়। টঙ্গী বিসিক এলাকায় ওই দিন সকাল সোয়া নয়টা থেকে সাড়ে নয়টা এবং বিকেল চারটা ২৫ মিনিট থেকে পাঁচটা ২৫ মিনিট পর্যন্ত একই কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। টঙ্গী সার্কিট-৩ এলাকায় ওই দিন সন্ধ্যা ছয়টা ৫২ মিনিট থেকে সাতটা ২৫ মিনিট পর্যন্ত এবং সার্কিট-৪ এলাকায় দুপুর দুইটা ২৫ থেকে দুইটা ৪৫ মিনিট এবং সন্ধ্যা ছয়টা ৫০ মিনিট থেকে ছয়টা ৫৮ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছিল এলডিসি। এর প্রতিটি এলাকায় বিতরণকারী সংস্থার নির্ধারিত লোডশেডিংয়ের বাইরে এই সরবরাহ বন্ধ রাখা হয়। এসব সময়ে ওই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বরাদ্দকৃত পরিমাণের মধ্যেই ছিল বলে জানায় সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থা।সংস্থার বক্তব্য: জানতে চাইলে এলডিসি পরিচালনাকারী সংস্থা পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, বরাদ্দ করা পরিমাণের মধ্যে সরবরাহ সীমাবদ্ধ থাকলে এলডিসি থেকে লাইন কাটা বা সরবরাহ বন্ধ করা হয় না। তবে হঠাৎ উৎপাদন কমে যাওয়া বা অন্য কোনো কারণে বরাদ্দ কমিয়ে দিতে হলে লাইন কাটতে হয়। তখন হয়তো সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করারও সময় থাকে না।রুহুল আমিন বলেন, এলডিসি থেকে লাইন কাটা হয় সাধারণত অল্প সময়ের জন্য। ব্যবহার বৃদ্ধির কারণে কোনো লাইন ওভারলোডেড হয়ে গেলে পুরো বিদ্যুৎ ব্যবস্থা বাঁচিয়ে রাখার জন্যই এটা করতে হয়। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকাই এসব সমস্যার মূল কারণ বলে দাবি করে তিনি বলেন, বিদ্যুতের উৎপাদন ও বিতরণ সবসময় সমান রাখতে হয়। সবসময় কোথাও বাড়িয়ে কোথাও কমিয়ে এটা করা খুব কঠিন।তবে অনেক গ্রাহক ও কোনো কোনো কর্মকর্তার সন্দেহ যেকোনো অবৈধ যোগসাজশের মাধ্যমে এ রকম ঘটনা ঘটানো হতে পারে। সেটা দুই কারণে হতে পারে বলে তাঁদের ধারণা। প্রথমত, দুর্নীতি। কারণ, কোনো শিল্প এলাকা এভাবে এলডিসিকে কাজে লাগিয়ে বেশি সরবরাহ নিতে পারলে তাদের লাভ আছে। দ্বিতীয়ত, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যও এটা করা হতে পারে।গভীর রাত থেকে সারা রাত: এত দিন গভীর রাতে দু-একবার যে লোডশেডিং হতো তা এখন সারা রাত ধরে এক ঘণ্টা পর পর হতে শুরু করেছে। আগে দু-একটি ব্যতিক্রম ছাড়া কোনো এলাকায় সারা রাত লোডশেডিং হতো না। এখন সমগ্র ঢাকায় সারা রাত লোডশেডিং হচ্ছে। গভীর রাতে শিল্প-কারখানা চালু রাখার প্রবণতা আরও বেড়ে যাওয়াই এর কারণ বলে ডিপিডিসি ও ডেসকো সূত্র জানিয়েছে। এই অবস্থা থেকে শিগগিরই মুক্তি মেলার সম্ভাবনা ক্ষীণ বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।