বিতর্ক এড়াতে কিছু সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের আগে স্বল্পসংখ্যক (তিন কিংবা চার) প্রতিষ্ঠান ঢাকা নগরে সীমিত আকারে স্থাবর সম্পত্তি উন্নয়ন করে বিপণন আরম্ভ করে। অসৎ ভূমি-উন্নয়নকারীকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এবং সার্বিকভাবে সব ডেভেলপারের নিমিত্তে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের জন্য ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদে প্রস্তাবিত আইনের একটি খসড়া বা ‘বিল’ উত্থাপন করে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে কিছু সংশোধনের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিলটি ২০১০ সালের অক্টোবর মাসে ‘রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০১০ সালের ৪৮ নম্বর আইন)’ জাতীয় সংসদ প্রণয়ন করে। আইনটিতে ভূমি-উন্নয়নকারীকে ‘ডেভেলপার’ এবং ‘ব্যবস্থাপনা ও ক্রয়-বিক্রয়ের নিমিত্ত আবাসিক বা প্রাতিষ্ঠানিক বা বাণিজ্যিক প্লট অথবা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট প্রাতিষ্ঠানিক বা মিশ্র ফ্লোর স্পেস জাতীয় স্থাবর ভূ-সম্পত্তি’কে রিয়েল এস্টেট বলে সংজ্ঞার্থ নির্ণয় করা হয়েছে, যদিও আইনের ২ ধারায় পারিভাষিক অর্থ নির্ণয়ে বেশ কয়েকটি ইংরেজি শব্দ ব্যবহার করা হয়েছে। সে জন্য আমিও আইনটির গুণবিচার করতে গিয়ে ডেভেলপার ও রিয়েল এস্টেট শব্দগুলোকে আইনটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রতিবেদনে ওই ইংরেজি শব্দগুলো ব্যবহার করছি। আইনটি মূল্যায়ন করতে গিয়ে আমি মনে করি যে কয়েকটা ধারা পুনর্গঠন করা প্রয়োজন। কারণ আইনটির কোনো শর্ত ভূমিমালিকের এবং কোনো শর্ত ডেভেলপারের স্বার্থের বিপক্ষে যায়, আবার কোনো শর্ত কোনো কোনো পক্ষের মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে। আইনের ৮(১) ধারার শিরোনামে ‘রিয়েল এস্টেট ক্রয়-বিক্রয়ের শর্তাবলি’তে উল্লেখ আছে যে ‘প্রসপেক্টাসে বা বরাদ্দপত্রে রিয়েল এস্টেটের বিক্রয়যোগ্য এলাকার বিভাজনসহ ব্যাখ্যা বা বিশ্লেষণ উল্লেখ করিতে হইবে।’আমাদের দেশে প্রতিটি ডেভেলপার তাদের পরবর্তী প্রকল্পের জন্য প্রসপেক্টাস বা ব্রোশার বের করে থাকে। ওই প্রসপেক্টাসে প্রকল্পের উজ্জ্বলতর বৈশিষ্ট্য প্রায়ই কাঙ্ক্ষিত ক্রেতাকে প্রলুব্ধ করে এবং তিনি ওই প্রকল্পে তাঁর অর্থ বিনিয়োগ করেন। কোনো কোনো বিবেকবর্জিত ডেভেলপার তাদের বরাদ্দপত্রে, প্রসপেক্টাসে প্রকল্পের উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্যই ইচ্ছাকৃতভাবে একীভূত করে না, যেটা কোনো অসতর্ক ক্রেতার স্বার্থের বিরুদ্ধে যায়। ফলে তিনি ক্ষতিগ্রস্ত হন অথবা তাঁর কাঙ্ক্ষিত সুযোগসুবিধা থেকে বঞ্চিত হন। এই ধারায় প্রসপেক্টাসে ও বরাদ্দপত্রের মধ্যে নিরপরাধ-দৃষ্ট এক অক্ষরবিশিষ্ট শব্দ ‘বা’ এক প্রতারণামূলক ডেভেলপারকে প্রসপেক্টাসে উল্লিখিত প্রকল্পের উজ্জ্বলতর কোনো কোনো বৈশিষ্ট্য উল্লেখ না করার স্বাধীনতা দেয়। এক সম্ভাব্য ক্রেতাকে সুরক্ষা করার নিমিত্তে এবং তাঁর বিরুদ্ধে কোনো অবাঞ্ছিত পরিস্থিতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে কোনো বরাদ্দপত্র থেকে প্রসপেক্টাসে উল্লেখকৃত সম্পত্তির কোনো বৈশিষ্ট্য যেন যোগ, পরিবর্তন অথবা বাদ দেওয়া না হয়, সে বিষয়ে বাধ্যতামূলক শর্ত থাকার যোগ্য। সুতরাং উল্লিখিত ‘বা’ শব্দটার বদলে ‘এবং’ শব্দটা স্থলাভিষিক্ত করা উচিত। মূল্য পরিশোধ, দখল হস্তান্তর ইত্যাদি ব্যাপারে ১২(১), ১৩(১), ১৪(১) এবং ১৪(২) ধারায় ওই একই শব্দ ‘বা’ ব্যবহার করা হয়েছে। ফলে কোনো প্রতারণামূলক ডেভেলপার অনৈসর্গিক দুরাচার থেকে এক সম্ভাব্য ক্রেতাকে রক্ষা করার অথবা আগলানোর উদ্দেশ্যে ওই একই ‘বা’ শব্দটার বিকল্পে ‘এবং’ শব্দটা স্থলবর্তী করা আবশ্যক।১৪(৪) ধারায় শর্ত আরোপ করা হয়েছে যে ‘উপ-ধারা ২-এ বর্ণিত বিধান অনুযায়ী কোনো ক্রতা বিলম্বে কিস্তির অর্থ পরিশোধ করিতে চাইলে, দেয় কিস্তির ওপর বিলম্বিত সময়ের জন্য কিস্তির অর্থের ওপর ১০% হারে সুদ প্রদান সহকারে কিস্তি পরিশোধ করিতে পারিবে।’ কিন্তু ওই ধারায় উল্লেখ নেই যে সুদটা বার্ষিক অথবা মাসিক দেয়।আইনের ১৫(২) ধারার সংযোজিত অনুশর্ত অনুযায়ী, ‘শর্ত থাকে যে, ক্রেতা ও ডেভেলপার যৌথ সম্মতিতে রিয়েল এস্টেট হস্তান্তরের সময়সীমা সম্পূরক চুক্তির মাধ্যমে বর্ধিত করিলে উপ-ধারা (১)-এর বিধান অনুযায়ী ক্রেতাকে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে।’ আইনের ১৫(২) ধারায় উল্লেখ আছে যে, ‘উপ-ধারা (১)-এ বর্ণিত ক্ষতিপূরণের পরিমাণ পক্ষগণের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রে উল্লেখ না থাকিলে পরিশোধিত সমুদয় অর্থের ওপর ১৫% হারে ক্ষতিপূরণ নির্ধারিত হইবে এবং ডেভেলপার অনধিক ৬ (ছয়) মাসের মধ্যে অনূর্ধ্ব ৩ (তিন) কিস্তিতে ক্ষতিপূরণের অর্থসহ সমুদয় অর্থ পরিশোধ করিবে।’ এই ধারাতেও সুদ পরিশোধের হিসাবের সময়সীমার উল্লেখ নেই। ক্ষতিপূরণের সুদ পরিশোধের হিসাবের সময়সীমা নিরূপণের ব্যাপারে কোনো ডেভেলপারের সঙ্গে কোনো ক্রেতার মতবিরোধ দূরে রাখার জন্য এবং কোনো ক্ষুব্ধ পক্ষের আর্থিক অথবা অন্য কোনো প্রকার ক্ষতিসাধন এড়ানোর জন্য, ওই সময়সীমা এই দুই ধারায় অবশ্যই সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকা উচিত। চতুর্থ অধ্যায়ের শিরোনামে ‘চুক্তি, ইত্যাদি’ থেকে বোঝা যায় না কোন পক্ষের সঙ্গে কোন পক্ষের চুক্তি, যদিও এ অধ্যায়ের ধারাগুলো পড়লে বোঝা যায় যে এ অধ্যায়টা ভূমিমালিক ও ডেভেলপার সম্পর্কীয়। সুতরাং বিদ্যমান শিরোনামটা পাল্টে ‘ভূমিমালিক ও ডেভেলপারের মধ্যে চুক্তি, ইত্যাদি’ প্রতিস্থাপন করা সমীচীন বলে আমি মনে করি। রিয়েল এস্টেটের সুবিধাদি বলতে গিয়ে আইনের ১১(৩) ধারায় উল্লেখ আছে যে, ‘পক্ষগণের মধ্যে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক ডেভেলপারকে রিয়েল এস্টেট হস্তান্তরের পর অন্যূন ১(এক) বৎসর পর্যন্ত উহার রক্ষণাবেক্ষণ করিতে হইবে।’ আজকাল ঢাকা নগরে ভূমিমালিক তাঁর সম্পত্তি ডেভেলপার কর্তৃক উন্নত হওয়ার পর অর্ধেক (বা প্রায় অর্ধেক) পেয়ে থাকেন বিধায় আমি মনে করি যে আইনের উপরোক্ত ১১(৩) ধারা রদ বা বাতিল করা উচিত। আমার সংশয় হয়, কোনো সৎ এবং সত্যনিষ্ঠ ডেভেলপার ভূমিমালিকের সঙ্গে তাঁর চুক্তি অনুযায়ী ওইরূপ একটা শর্তে সম্মত হবেন। কারণ ভূমিমালিকের সম্পত্তি উন্নয়ন করার পর কমপক্ষে এক বছর উন্নয়নকৃত সম্পত্তির অর্ধেক (বা প্রায় অর্ধেক) রক্ষণাবেক্ষণ বাধ্যতামূলকভাবে করতে গেলে ডেভেলপারের নিজের ওপর আর্থিক বোঝা হবে, যা বহন করা তার পক্ষে কষ্টসাধ্য হতে পারে।সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিমালিক, ডেভেলপার ও ক্রেতা—বিষয়বস্তুর অবস্থান বিচার করলে মনে করি যে আলোচিত ধারাগুলো সংশোধন বা প্রয়োজনে বাতিল করা বাঞ্ছনীয়। যদি আমাদের সাংসদেরা মনে করেন যে আমার প্রস্তাবগুলো গ্রহণযোগ্য, তাহলে সব পক্ষের সুবিধার্থে আইনটির উন্নতি সাধন করা উচিত। লেখক : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট