বিতর্ক ফেলে প্রস্তুত পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে লক্ষ্য কী, আজকের প্রতিপক্ষকে কেমনভাবে নিচ্ছেন, দলের সব খেলোয়াড় ফিট আছে কি না...যেকোনো দলের বিশ্বকাপ অভিযান শুরুর আগে সেই দলের কোচকে অনুমিত এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়। কিন্তু ওয়াকার ইউনুসকে সংবাদ সম্মেলনে শুনতে হলো অন্য রকম প্রশ্ন। যদি বলা হয় এ রকম প্রশ্ন তাঁর দিকে ছুটে যাওয়া ছিল অবধারিত। তিনি যে ‘অন্য রকম’ দল পাকিস্তানের কোচ! কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে পরশু পাকিস্তানের কোচকে শুনতে হলো তাঁর দলকে ঘিরে সাম্প্রতিক বিতর্কসংশ্লিষ্ট সব প্রশ্ন। স্পট ফিক্সিং, দেরিতে অধিনায়কের নাম ঘোষণা করা—এ ধরনের আরও অনেক প্রশ্ন। পাকিস্তানের ২০০৩ বিশ্বকাপ অধিনায়ক এ ধরনের প্রশ্নের জবাবে স্লোয়ার দিয়েছেন। সোজা ভাষায় বলে দিয়েছেন—বিতর্কের দিন শেষ, এখন সময় বিশ্বকাপের।১৯৯২-এর বিশ্বকাপজয়ী পাকিস্তান দলে ছিলেন না ওয়াকার। খেলোয়াড়দের মতো এই বিশ্বকাপটা তাঁর কাছেও অন্য রকম। বিশ্ব জয়ের অভিযানে আসা ওয়াকার বলেছেন, ‘আর কোনো বিতর্ক নয়। সব বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করছি আমরা।’ আসলে বিতর্ক থেকে দূরে থেকে পাকিস্তানকে তাঁরা জাগিয়ে তুলতে চাইছেন ১৯৯২ বিশ্বকাপ জয়ের চেতনায়, ‘গত দুই দশকের পাকিস্তান দলের দিকে তাকান। কঠিন সময়েই আমরা জেগে উঠেছি। ইতিবাচকতা নিয়ে এগিয়ে গেছি। ১৯৯২ বিশ্বকাপেও তা-ই হয়েছে। আমাদের হয়তো কিছু বাজে সময় গেছে। তবে এর অর্থ এই নয় যে আমাদের প্রতিভা নেই।’ সত্যিই তাই। পাকিস্তান যেন ক্রিকেটের ‘ইতালি’। ফুটবল পরাশক্তি ইতালি যখনই কোনো বিতর্ক নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে, ফিরেছে ট্রফি নিয়ে। ২০০৬ ফুটবল বিশ্বকাপেও বিশ্ব দেখেছে এই ঘটনা। ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক নিয়ে বিশ্বকাপে গিয়ে শাপমোচন করেছে তারা ট্রফি জিতে। পাকিস্তানও কি তা হলে...? ওয়াকারের চোখেও বিশ্বজয়ের ঝিলিকই খেলছে, ‘আমাদের দলটি ভালো ও ভারসাম্যপূর্ণ। নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’ ওয়েবসাইট।কেনিয়ার বিপক্ষে নিজেদের অভিযান শুরুর ম্যাচ নিয়ে যে কথা বলেছেন তাতে রয়েছে কেনিয়ার মতো দলের বিপক্ষেও সতর্ক মনোভাব, ‘ছোট দলগুলোর বিপক্ষেও আমরা সতর্ক। কারণ, ওদের দিনে ওরা ভয়ংকর হয়ে উঠতে পারে। আমাদের প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে।’ তবে আসল লড়াই কোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হবে বলে মনে করেন পাকিস্তান কোচ।সবকিছুর পরও ঘুরেফিরে আসছে সেই স্পট ফিক্সিং। স্পট ফিক্সিংয়ের পাকে পড়ে এই বিশ্বকাপে খেলতে পারছে না তাদের সেরা তিন ক্রিকেটার—ব্যাটসম্যান সালমান বাট, পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। এই ত্রয়ীকে পেলে কি পাকিস্তান দলটা অনেক শক্তিশালী হতো না? ওয়াকারের ঠান্ডা মাথার জবাব, ‘আমরা স্পট ফিক্সিং নিয়ে ভাবছি না। এসব ঘটনা এখন অতীত। আমরা বিশ্বকাপ নিয়েই ভাবছি।’