বিতর্ক সত্ত্বেও স্তন ক্যানসার পরীক্ষার পরামর্শ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের অনেক দাতব্য সংস্থা স্তন ক্যানসার প্রতিরোধের জন্য নারীদের উদ্বুদ্ধ করে থাকে। কিন্তু দেশটিতে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা পত্রের ফলাফল বলছে, স্তনের টিউমার শনাক্ত করতে গিয়ে অনেক সময় নারীরা স্বাস্থ্যহানির মুখোমুখি হন। এরপরও দেশটির সরকার নারীদের স্তন পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছে। তবে টিউমার শনাক্ত ও ক্যানসার নিরাময় করতে গিয়ে নারীরা ঠিক কী ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারেন, তা আগেভাগে জানিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।বিবিসির খবরে আজ মঙ্গলবার বলা হয়, সরকার নারীদের জন্য এক প্রচারপত্র প্রকাশ করতে যাচ্ছে। এটিতে এমন তথ্য থাকবে যেগুলো দেখে এবং বিচার-বিবেচনা করে একজন নারী তাঁর চিকিত্সার প্রয়োজন নির্ধারণ করতে পারবে।তবে যেসব দাতব্য সংস্থা ক্যানসার প্রতিরোধ ও নিরাময়ের জন্য কাজ করে, তারা বলছে, স্বাস্থ্য ঝুঁকি থাকলেও নারীদের টিউমার পরীক্ষা করানো উচিত।স্তন ক্যানসারের চিকিত্সা নারীদের উপকারের চেয়ে ক্ষতিই করছে বেশি — এমন মতকে ঘিরে গত কয়েক বছর ধরে গুরুতর বিতর্ক চলছিল দেশটিতে। এজন্য একটি স্বতন্ত্র পর্যবেক্ষণ কমিটি তৈরি করা হয়। এই কমিটির প্রতিবেদন বলছে, যেসব নারীর শরীরে টিউমার শনাক্ত করা হয়েছিল, তাদের তিন শতাংশের চিকিত্সার প্রয়োজনই ছিল না।ব্রিটেনে গত দুই দশক ধরে নারীদের স্তন ক্যানসারের পরীক্ষা করানো হচ্ছে। ৫০ থেকে ৭০ বছর বয়সের নারীদের তিন বছর অন্তর স্তনের টিউমার শনাক্তের পরীক্ষা, ম্যামোগ্রাম, করানোর পরামর্শ দেওয়া হয়। এতে প্রাথমিক অবস্থাতেই টিউমার শনাক্ত করে চিকিত্সা দেওয়া সম্ভব হয়। কিন্তু, এ পদ্ধতিও বিতর্কিত।দেশটির জাতীয় ক্যানসার চিকিত্সা কেন্দ্রের পরিচালক স্যার মাইক রিচার্ডস বলছেন, ‘এটা নিয়ে অনেক তর্ক আছে।’ মূল বিতর্ক হলো বেশি বেশি পরীক্ষা করানো নিয়ে। পরীক্ষায় ক্ষতিকর টিউমারের সাথে এমন টিউমারও ধরা পড়ে যেগুলো কোন হুমকি নয়। অথচ কোনটি ক্ষতিকর বা কোনটি নিরীহ তা নির্ধারণ করা যায় না। তাই নারীরা বাধ্য হয়ে চিকিত্সা করায়। এসময় তাঁরা অস্ত্রোপচার, হরমোন চিকিত্সা, রেডিও থেরাপি থেকে শুরু করে কেমোথেরাপি পর্যন্ত নেন। এসব পদ্ধতির সবগুলোরই আছে ব্যাপক ক্ষতিকর প্রভাব।চিকিত্সা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, পরীক্ষা করানোর ফলে প্রতি বছর ব্রিটেনে গড়ে এক হাজার ৩০৭ জন নারীর জীবন রক্ষা হয়, কিন্তু, তিন হাজার ৯৭১ জন নারী অহেতুক চিকিত্সা নেন। এভাবে যে নারী পরীক্ষা করাচ্ছেন, তাঁর এক শতাংশ ঝুঁকি বাড়ছে।পর্যবেক্ষণ কমিটির প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয় কলেজ লন্ডনের অধ্যাপক মাইকেল মারমট। তিনি বলেন, পরীক্ষা করানোয় মৃতের হার কমলেও অনেক ক্ষেত্রে বেশি বেশি পরীক্ষা করানো হয়ে যাচ্ছে। তাঁর মতে, ম্যামোগ্রাম করানোর নেতিবাচক দিকগুলো একজন নারীকে জানানো ‘খুবই গুরুত্বপূর্ণ।’অধ্যাপক রিচার্ড বলেন, ‘আমার মত হলো, নারীদের পরীক্ষা করানো জন্য উদ্বুদ্ধ করানো দরকার এবং একই সাথে নারীদের সেসব তথ্য দেওয়া উচিত যেগুলো থেকে তিনি নিজের পছন্দ বাছাই করতে পারবেন।’ তিনি বলেন, আসছে কয়েক মাসের মধ্যে প্রচারপত্রটি এমন সব তথ্য দিয়ে হালনাগাদ করা হবে যাতে নারীরা প্রকৃত তথ্যটি পান।বর্তমান প্রচারপত্রে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বিষয়ে কিছু উল্লেখ নেই।দাতব্য প্রতিষ্ঠানগুলো বলছে, নারীদের পরীক্ষা করানো অব্যাহত রাখা দরকার। ব্রেকথ্রো ব্রেস্ট ক্যানসার, ব্রেস্ট ক্যানসার ক্যাম্পেইন এবং ব্রেস্ট ক্যানসার কেয়ার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নারীদের আহ্বান জানাচ্ছি তাঁদের পরীক্ষা করানো জারি রাখতে।’ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) দপ্তরের সহায়তায় ক্যানসার রিচার্স ইউকে নামের একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে গঠিত হয়েছিল স্বতন্ত্র পর্যবেক্ষণ কমিটিটি। এ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডা. হারপাল কুমার বলেন, ‘আমরা এখনও জানি না কোন ক্যানসারটি ক্ষতিকর এবং কোনটি নিরীহ। কোন একজন নারীর ক্ষেত্রে এসবের প্রভাব কীভাবে পড়তে তা আমরা আগে থেকে অনুমান করতে পারি না।’হারপাল কুমার আরও বলেন, ‘এ নিয়ে গবেষণা দ্রুত চলছে। আশা করছি ভবিষ্যতে এমন প্রযুক্তির উদ্ভব ঘটবে যা দিয়ে আমরা আরও সূক্ষ্মভাবে পরীক্ষা করতে পারব এবং পাশাপাশি অহেতুক চিকিত্সা নেওয়া নারীদের সংখ্যা কমাতে সক্ষম হব।’