মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে যাঁরা বিতর্ক সৃষ্টি করছেন, তাঁদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি জানান, এই অপরাধের বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র শক্তিশালী হবে না।জাতীয় মানবাধিকার দিবস-২০১১ উপলক্ষে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে আইনমন্ত্রী এসব কথা বলেন। ‘মানবাধিকার সংরক্ষণে সম্মিলিত প্রয়াস: তারুণ্যের দাবি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মানবাধিকার কমিশন এ সেমিনারের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘৪০ বছর ধরে জাতি যে কলঙ্ক নিয়ে আছে, তা থেকে মুক্ত করতে এর বিচার চাই। এই বিচার নিয়ে বিতর্কের জন্য একটি শক্তি লবিষ্ঠ নিয়োগ করছেন। যাঁরা মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী ও গণহত্যা করেছেন, তাঁদের বিচারে সহায়তা করতে বিদেশি প্রতিনিধিদের প্রতিও আহ্বান জানান তিনি। দেশীয় আইনে আন্তর্জাতিক অপরাধের এ বিচার সফল হলে এটা বিশ্বে মডেল হয়ে থাকবে।’সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, আইনের শাসন না থাকলে গণতন্ত্র বিকশিত হতে পারে না। আইনের শাসনে কেউ দায়বদ্ধতা এড়াতে পারে না। একাত্তরের জঘন্যতম অপরাধের বিচার হতেই হবে। এটা জাতীয় দাবি। এ জন্য তরুণ সমাজকে ঐকবদ্ধ হতে হবে।অনুষ্ঠানে শিশুর অধিকার বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী। তিনি বলেন, ‘মানবাধিকার মানে মানুষের অধিকার। শিশুরাও মানুষ। তাদের অধিকার আছে। আমাদের সংবিধান বলছে, সব মানুষের অধিকার সমান। কোনো বৈষম্য থাকবে না। শিশুরা যেকোনো দেশের জন্যই বিশেষ। আজকের শিশু নাগরিক বটে, ভবিষ্যতের নেতা। কিন্তু অনেক ক্ষেত্রেই তারা এসব অধিকার থেকে বঞ্চিত হয়। শিশুর সুরক্ষা বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।’অনুষ্ঠানে কমিশনের সদস্য নীরু কুমার চাকমা, কাজী রিয়াজুল হক, সুইডেনের রাষ্ট্রদূত অ্যানেলি লিন্ডা কেনি, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের প্রথম পর্বে প্যানেল আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিশনের সদস্য আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও নিরুপা দেওয়ান। এতে বক্তব্য রাখেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। এ ছাড়া আইনজীবী ও শিক্ষার্থীরা বিভিন্ন মতামত তুলে ধরেন। পরে আইন ও সালিশ কেন্দ্রের প্রযোজনায় তাসের দেশ নাটকটি পরিবেশন করা হয়।