বিতর্কিত আইআইআরও বাংলাদেশে থাকা সব শেয়ার বিক্রি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি অর্থায়নের অভিযোগে অভিযুক্ত সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক রিলিফ অর্গানাইজেশন (আইআইআরও) তাদের হাতে থাকা বাংলাদেশের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সব শেয়ার বিক্রি করে দিচ্ছে। আগামী এক মাসের মধ্যে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় গতকাল মঙ্গলবার শেয়ার বিক্রির এই অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটির হাতে এসআইবিএলের এক কোটি তিন লাখেরও বেশি শেয়ার রয়েছে। গতকালের বাজার অনুসারে প্রতিটি শেয়ারের দাম সাড়ে ২১ টাকা। আইআইআরও সোশ্যাল ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।এসইসি জানায়, আইআইআরওর হাতে থাকা এসআইবিএলের শেয়ার বিক্রির অনুমোদন দিয়েছেন উচ্চ আদালত। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসইসি কোম্পানিটিকে শেয়ার বিক্রির চূড়ান্ত অনুমতি দিয়েছে। এর আগে এসআইবিএল নিজেদের ব্যবসায়িক সুনাম রক্ষায় অভিযুক্ত আইআইআরওকে উদ্যোক্তা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে এসআইবিএল কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হয়। পরে আদালত আইআইআরও এবং এসআইবিএলের আইনজীবীর উপস্থিতিতে শেয়ার বিক্রির নির্দেশনা দেন। এসইসি সূত্র জানিয়েছে, আদালত এক মাসের মধ্যে আইআইআরওর হাতে থাকা এসআইবিএলের শেয়ার বিক্রির নির্দেশনা দিয়েছেন। কিন্তু এসইসির বিদ্যমান আইন অনুযায়ী, এই সময়ের মধ্যে উদ্যোক্তা শেয়ার বিক্রির ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে। আইনে বলা হয়েছে, তালিকাভুক্ত কোনো কোম্পানির হিসাব বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে ওই কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা কোনো শেয়ার কেনাবেচা করতে পারবে না। এসআইবিএলের হিসাব বছর শেষ হবে আগামী ৩০ ডিসেম্বর। সেই হিসাবে ১ নভেম্বর থেকে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ওপর এসইসির নিষেধাজ্ঞা রয়েছে।এ অবস্থায় এসআইবিএলের পক্ষ থেকে এসইসির কাছে আবেদন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এসইসি আইনি বাধ্যবাধকতা শিথিল করে এক মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে শেয়ার বিক্রির অনুমতি দেয়। এসইসি জানিয়েছে, ব্লক মার্কেটে এসব শেয়ার বিক্রি করতে হবে। প্রচলিত বিধান অনুযায়ী, ব্লক মার্কেটে বড় অঙ্কের শেয়ার লেনদেনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা আগেই ঠিক করা থাকে। সম্প্রতি এইচএসবিসি ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির এক প্রতিবেদনে অর্থের অবৈধ লেনদেন ও সন্ত্রাসবাদে অর্থের জোগান দেওয়ার মতো অপরাধের সঙ্গে বাংলাদেশের দুটি ব্যাংকের সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। এই ব্যাংক দুটি হলো, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এসআইবিএল। এর মধ্যে এসআইবিএলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের উদ্যোক্তা হিসেবে রয়েছে সৌদি আরবভিত্তিক আইআইআরও। এই প্রতিষ্ঠানটির সঙ্গে মার্কিন নাগরিকদের আর্থিক লেনদেনের ওপর সে দেশের সরকারের নিষেধাজ্ঞা রয়েছে।