বিতর্কিত আদেশটি বাতিল করলেন মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্টকে প্রায় নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে জারি করা আদেশটি বাতিল করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। ২২ নভেম্বর আদেশটির জারির পর গণতন্ত্রকামী জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে মুরসি পিছু হটলেন। রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্টের এক মুখপাত্র রাজধানী কায়রোতে এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার মুরসির সিদ্ধান্ত নিশ্চিত করেন। তবে নতুন সংবিধানের ওপরে এ মাসে অনুষ্ঠেয় গণভোট পেছানো হচ্ছে না বলেও জানান মুরসির মুখপাত্র। সরকার বিরোধীরা গণভোটের তারিখ পেছানোর দাবি জানিয়ে আসছে।আদেশ বিষয়ে গতকাল প্রেসিডেন্টের ভবনে দেশটির রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক বৈঠক করেন মোহাম্মদ মুরসি। তবে বিরোধীরা ওই বৈঠক বর্জন করেছে এবং বৈঠকটি বিক্ষোভকারীদের কাছে কোন আবেদন রাখতে সক্ষম হয়নি। বৈঠকের সিদ্ধান্ত জানাতে রাজধানী কায়রোতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের মুখপাত্র সেলিম আল-আওয়া বলেন, জারি করা আদেশ বাতিল করা হয়েছে। তবে, খসড়া সংবিধানের ওপরে গণভোট পূর্বঘোষণা অনুযায়ী ১৫ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।সরকার বিরোধীদের একাংশ বলেছে, বিক্ষোভ থামাতে মুরসির প্রচেষ্টা তাঁর ‘ধারাবাহিক প্রতারণার’ একটি অংশমাত্র।গত ২২ নভেম্বর প্রেসিডেন্ট মুরসি নিজের ক্ষমতা বৃদ্ধির একটি আদেশ জারি করেন। আদেশে বলা হয়, প্রেসিডেন্টের সিদ্ধান্ত কোনো কর্তৃপক্ষ, এমনকি বিচার বিভাগও বাতিল করতে পারবে না। আদালত চাইলেই সংবিধান সভা ভেঙে দিতে পারবে না। এ ছাড়া হোসনি মোবারককে উত্খাতে ২০১১ সালে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় অভিযুক্ত ব্যক্তিদের পুনর্বিচারের পথও ওই আদেশের মাধ্যমে উন্মুক্ত করা হয়।প্রেসিডেন্টের আদেশ জারির পর ব্যাপক বিক্ষোভ শুরু হলে মুরসির সমর্থনে ইসলামপন্থীরা পথে নামে। উদারপন্থী ও ইসলামপন্থীদের মধ্যে সংঘাতও হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গত মাসে শুরু হওয়া বিক্ষোভ চলাকালে সাত ব্যক্তি নিহত হয়েছেন। প্রধান বিরোধী জোট ‘ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’-এর মুখপাত্র হুসেইন আবদেল গনি বলেন, মুরসির আদেশ বাতিল নিয়ে তাঁরা আগামীকাল রোববার বৈঠক করবেন। ‘ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’ মুরসির ডাকা বৈঠক বর্জন করেছিল।তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমার অভিমত হলো, এ পদক্ষেপ খুবই সীমিত ও অপর্যাপ্ত। আমরা বারবার বলে আসছি, আমাদের অন্যতম প্রধান দাবি হলো গণভোটের তারিখ পেছানো।’ এ দিকে গত শুক্রবার মিসরের পার্লামেন্টে খসড়া সংবিধান পাস হয়। খসড়া সংবিধান অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হলে ১৫ ডিসেম্বর গণভোট আয়োজনের ঘোষণা দেন মোহাম্মদ মুরসি।আদেশ জারি ও খসড়া সংবিধানের ওপর গণভোট আয়োজনের ঘোষণার পর মিসরে সহিংস বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। এ ছাড়া ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসির সঙ্গে বিচার বিভাগের বিরোধ দেখা দেয়।