বিতর্কিত কমিশনের অধীন নির্বাচন করতে চাই না: এরশাদ
বর্তমান নির্বাচন কমিশনকে ‘বিতর্কিত’ আখ্যায়িত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘এ বিতর্কিত কমিশনের অধীন আমরা নির্বাচন করতে চাই না।’গতকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে প্রাক্তন জাতীয় ছাত্রসমাজ ফোরাম আয়োজিত পুনর্মিলনী ও আলোচনা সভায় এরশাদ এসব কথা বলেন। তিনি দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ও নির্বাচনকালীন সরকারব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও কড়া সমালোচনা করেন। জাপার চেয়ারম্যান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়েছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিলাম না। কারণ, তত্ত্বাবধায়ক সরকারপ্রধানেরা আমাদের ওপর অনেক অবিচার করেছেন। আমি পক্ষে ছিলাম একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশনের। যারা প্রভুর কথায় নয়, বিবেকের তাড়নায় কাজ করবে। দুঃখের বিষয়, আমরা সে নির্বাচন কমিশন হারিয়ে ফেলেছি।’ তিনি বলেন, ‘যে কমিশন তার ক্ষমতা একের পর এক ছেড়ে দিচ্ছে, সে কমিশনের প্রতি কারও আস্থা থাকতে পারে না। মানুষ তাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে, তারা বিতর্কিত হয়ে পড়েছে। এ কমিশনের অধীন আমরা কীভাবে নির্বাচন করব?’সংলাপে বসতে দুই নেত্রীকে জাতিসংঘের মহাসচিবের ফোন করার বিষয় উল্লেখ করে এরশাদ বলেন, আলোচনার কোনো বিকল্প নেই। গণতন্ত্রের অর্থই হলো সমঝোতা, নমনীয়তা। প্রধানমন্ত্রী বলেছেন ‘একচুলও’ নড়বেন না। এটা কোনো রাজনীতিকের ভাষা হতে পারে না। আলোচনা হতেই হবে, আলোচনায় আসতেই হবে।এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সামনে একজন মন্ত্রী বলেছেন, “যারা হরতাল করবে, তাদের ঘরে ঢুকে হত্যা করা হবে।” এটা কি কোনো সভ্য, সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে? আরেকজন মন্ত্রী বললেন, রানা প্লাজা ঝাঁকুনিতে ভেঙে পড়েছে। সে কী সুস্থ মানুষ? এ রকম অসুস্থ মানুষদের দিয়ে সরকার গঠিত, অসুস্থ মানুষদের দিয়ে দেশ পরিচালিত। এ কারণেই আজ দেশে এ অবস্থা। এর থেকে কবে উদ্ধার পাব জানি না, উদ্ধার আমাদের পেতেই হবে।’সম্প্রতি পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী খুনের ঘটনায় তাঁদের মেয়ে ঐশীর সম্পৃক্ততা থাকা নিয়ে এরশাদ বলেন, ‘ঐশী খুনি নয়, খুনি আমরা। আমরা রাজনীতিকেরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি বলে ঐশীরা সৃষ্টি হয়েছে। দুঃখ হয়, যখন পত্রিকায় দেখি ইয়াবা ব্যবসার সঙ্গে কোনো কোনো জনপ্রতিনিধি জড়িত। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।’প্রাক্তন জাতীয় ছাত্রসমাজ ফোরামের আহ্বায়ক এস এম ফয়সল চিশতির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।