বিতর্কিত পদক্ষেপ আস্থা কমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আস্থা কমতে কমতে একটি রাষ্ট্র ক্রমান্বয়ে অকার্যকর হয়ে পড়ে। হাইকোর্টে আপিল-প্রক্রিয়া সম্পন্ন না করে মাঝপথে আপিল প্রত্যাহার করে সেই মামলার বিপুলসংখ্যক দোষী ব্যক্তির সাজা মওকুফের খবর অত্যন্ত অপ্রত্যাশিত, দুর্ভাগ্যজনক এবং আমাদের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য সংকটময় একটি পদক্ষেপ।নাটোরের গামা হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া রায় এবং সেই রায়ে এত বেশিসংখ্যক (২০ জন) আসামিকে দোষী সাব্যস্ত করা, ফাঁসির দণ্ড দেওয়াটা প্রশ্নাতীত নয়। ওই মামলার বিচারে রাজনৈতিক প্রভাব সম্ভবত একটি ভূমিকা পালন করেছিল। তবে হয়তো সেখানেও সাক্ষীর কারণে আদালত এমন একটা অস্বাভাবিক রায় দিতে বাধ্য হয়েছিলেন। সম্ভবত আপিলে বিচারিক আদালতের রায়ের অসংগতিগুলো উঠে আসত এবং অনেকেই নির্দোষ প্রমাণিত হতেন। ফাঁসির মামলার আপিলের সব কাগজ ও নথি সরকারি প্রেসে ছাপাতে হয়। সরকারি প্রেসের সীমাবদ্ধতার কারণে শত শত ফাঁসির মামলার আপিল পাঁচ-সাত বছরেও নিষ্পন্ন করা যায় না। একবিংশ শতাব্দীতে এসেও একটি ছাপাখানার অভাবে শত শত মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে বছরের পর বছর কনডেম সেলে অমানবিক জীবন কাটাতে হয়। আমাদের রাষ্ট্রটা অনেক দিক দিয়েই বর্বর ও অকার্যকর হতে চলেছে।যদি ধরেও নিই বিচারিক আদালত এ মামলার বিচারে ভুল করেছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন ব্যক্তিরা আমাদের আইন ও বিচার ব্যবস্থার অপব্যবহার করেছিলেন। সে কারণে এ মামলার দণ্ড পাওয়া আসামিদের সাজা মওকুফ ও মার্জনা যৌক্তিক। তা হলেও যে প্রক্রিয়ায় এটা করা হলো, সেটার ফলে মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের আইন, বিচার তথা রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের আস্থা কি বাড়বে? সোজা উত্তর, না। বরং জনমনে ক্রমশ রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ ক্রমান্বয়ে প্রশ্নবিদ্ধ হবে। এটা আমাদের সবার জন্য অমঙ্গলজনক। এই ক্ষমা ও মার্জনার বিস্তারিত কারণ ও যুক্তি আমরা জানি না। ফলে এখন রাষ্ট্রপতির এই ক্ষমতার প্রয়োগ অর্থাৎ ক্ষমা ও মার্জনা প্রদর্শন প্রশ্নবিদ্ধ হয়ে গেল।আমাদের সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতিকে তাঁর কোনো কাজের জন্য আদালতে জবাবদিহি করতে হবে না। রাষ্ট্রপতির এই দায়মুক্তির কারণেই তাঁর প্রতিটি কাজ সব ধরনের প্রশ্নের ঊর্ধ্বে থাকতে হবে। রাষ্ট্রপতির কোনো কাজের ফলে, যাতে তিনি প্রশ্নবিদ্ধ না হন অথবা তাঁর প্রতি আমাদের আস্থার কোনো হানি না ঘটে, সেটা প্রতিটি মন্ত্রী ও মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। এ ঘটনায় রাষ্ট্রপতির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয় চরম অদক্ষতার পরিচয় দিয়েছে। এ ধরনের অদক্ষতা, রাজনৈতিক পক্ষপাতিত্ব ও অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের দায়ভার কাঁধে নিয়ে এবং রাষ্ট্র ও রাষ্ট্রযন্ত্রের প্রতি আমাদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রীর উচিত হবে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া (প্রয়োজনবোধে পদত্যাগও)। এতে রাষ্ট্রপতির ওপর আমাদের আস্থা বহাল থাকবে। আশা করব, ভবিষ্যতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার প্রয়োগের কারণসংবলিত বিস্তারিত বিবৃতি সরকারি প্রেসনোটে থাকবে। যাতে এ নিয়ে জনমনে বিভ্রান্তি ও রাষ্ট্রের প্রতি আস্থাহীনতা তৈরি না হয়।