বিতর্কিত বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করলে প্রত্যাখ্যান: মওদুদ
সমঝোতা ছাড়া বিতর্কিত বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে বিএনপি তা প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মওদুদ আহমদ।মওদুদ আহমদ বলেন, সরকার মনগড়া খসড়া সংবিধানে ৩১টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করেছে। সুপ্রিম কোর্টের রায়ে এগুলো ছিল না। তাই বিএনপি খসড়া সংবিধান প্রত্যাখ্যান করেছে।ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির নেতা কে এম ওবায়দুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় আজ বৃহস্পতিবার মওদুদ আহমদ এসব কথা বলেন। ‘গণতন্ত্রের সিংহ পুরুষ কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ’ এই স্মরণসভার আয়োজন করে। মওদুদ আহমদ আরও বলেন, সংবিধান নিয়ে সরকার চতুর্মুখী বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সংসদীয় কমিটি এবং অ্যাটর্নি জেনারেল—একেকজন একেক ব্যাখ্যা দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, খসড়া সংবিধানে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো অনুমোদন হলে নিম্ন আদালতের বিচারক নিয়োগ-বদলির ক্ষেত্রে প্রধান বিচারপতির নিয়ন্ত্রণ থাকবে না। উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির মতামত নেওয়ার প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে।মওদুদ বলেন, সংবিধান সংশোধন সংসদে আলাপ-আলোচনা করেই করতে হবে। আদালতকে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের এখতিয়ার দেওয়া হয়নি। এগুলো সংসদই করবে।আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে ভালো রাজনীতিক কমে গেছে। কে এম ওবায়দুর রহমান একাধারে ভালো মানুষ ও ভালো রাজনীতিক ছিলেন। তাঁর চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমিসহ মঞ্চের অনেকেই স্বৈরাচারী এরশাদের মন্ত্রী ছিলাম। যখন বুঝতে পারলাম, তখন আসল জায়গায় আসলাম।’ দেশের ১২টা বেজে গেছে দাবি করে বর্তমান সরকারকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।টি এম গিয়াস উদ্দীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নেতা হামিদুল্লাহ খান, নিতাই রায় চৌধুরী, শাহজাদা মিয়া, শ্যামা ওবায়েদ প্রমুখ।