বিতর্কিত শ্রমশিবির সংস্কারের উদ্যোগ নিল চীন
চীন তার বহুল বিতর্কিত বাধ্যতামূলক শ্রমশিবির-ব্যবস্থা সংস্কার করতে যাচ্ছে। আজ সোমবার সিনহুয়ার প্রচারিত খবরের বরাত দিয়ে রয়টার্স জানায়, চীনা কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত প্রধান শি জিনপিং তার দেশের আইনব্যবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর প্রথম পদক্ষেপ হিসেবে শুরু হয়েছে শ্রমশিবির সংস্কারের কাজ। রয়টার্স জানায়, চীনে ১৯৫৭ সাল থেকে ‘শ্রমের মাধ্যমে পুনঃশিক্ষণ’ নামের একটি পদ্ধতি চালু আছে। এর আওতায় আদালতে না নিয়ে পুলিশ ছোট অপরাধীদের চার বছর পর্যন্ত আটকে রাখতে পারে। এ পদ্ধতির সমালোচকেরা একে আইনের শাসনের পরিপন্থী বলে উল্লেখ করেন। এ ছাড়া এটা রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। চীনের একজন রাজনীতিকের বরাত দিয়ে সিনহুয়া জানায়, এ বছর চীনা সরকার শ্রমের মাধ্যমে পুনঃশিক্ষণের বিতর্কিত পদ্ধতির সংস্কার করবে। এর আগে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির মাইক্রোব্লগিং সাইটে নবনিযুক্ত রাজনীতি ও আইনসংক্রান্ত কমিটির প্রধান মেংয়ের বরাত দিয়ে জানিয়েছিল, চীনের জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্ত হওয়ার পর শ্রমের মাধ্যমে পুনঃশিক্ষার পদ্ধতিটি এ বছর বিলুপ্ত করা হবে। তবে রয়টার্স জানায়, চীনের বিচার মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত খবরের জন্য যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। হি ওয়েইফাং নামের পিকিং ইউনিভার্সিটির আইনের এক অধ্যাপক রয়টার্সকে বলেন, ‘এ পদ্ধতি যদি এ বছর বিলুপ্ত করা হয়, তবে সেটা হবে আইনের শাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, চীনজুড়ে এ ধরনের ৩৫০টি শ্রমশিবির রয়েছে। এতে ১ লাখ ৬০ হাজার বন্দীকে আটকে রাখা যায়।