বিতর্কিতরাই বিএনপির চালকের আসনে
২১ আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত ও কারাবন্দী তিনি। ইতিমধ্যে যৌথ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁর বাড়িতে বসেই শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিলেন তাঁর ভাই মাওলানা তাজউদ্দিন। এ হামলার ঘটনায় পলাতক তাজউদ্দিন গ্রেনেড সরবরাহ করেছিলেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই আবদুস সালাম পিন্টুকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে।গত শুক্রবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পূর্ণাঙ্গ যে কমিটি ঘোষণা করেন, তাতে এ রকম বিতর্কিতদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। কমিটি পর্যালোচনায় দেখা গেছে, জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদ যাঁরা পেয়েছেন, তাঁদের অনেকেই একদিকে দুর্নীতি, আরেকদিকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে অভিযুক্ত। অনেকে আবার বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। কারও কারও বিরুদ্ধে দুর্নীতি, কর ফাঁকি, হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন আছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ আছে, এগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের মূল নেতৃত্বে না আনাই সমীচীন ছিল। এর ফলে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবেশের যে আশা সাধারণ মানুষ করে, তা ব্যাহত হবে। তিনি বলেন, রাজনৈতিক দলের নেতৃত্ব কে দেবেন না দেবেন, সেটি অবশ্যই দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু নেতৃত্বে কে আছেন, তা দিয়েই কিন্তু দলটির অবস্থান কী হবে, তা-ও প্রতিফলিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ বিষয়ে বলেন, অভিযুক্ত অনেকেই হয়তো কমিটিতে আছেন। কিন্তু তাঁরা একটি অস্বাভাবিক অবস্থার শিকার। তা ছাড়া তাঁদের কেউই সর্বোচ্চ আদালত দ্বারা সাজাপ্রাপ্ত নন। তাই এখনই তাঁদের বিতর্কিত বলার সুযোগ নেই। তিনি আরও বলেন, বিগত দিনে বিএনপির রাজনীতিতে যাঁদের অংশগ্রহণ ছিল, তাঁরাই কমিটিতে এসেছেন।বিতর্কিতরাই শীর্ষস্থানীয় পদে: খোঁজ নিয়ে জানা যায়, দুর্নীতির মাধ্যমে শিশু হাসপাতালের লটারির টিকিট কেনা ও ৩০ লাখ টাকা প্রথম পুরস্কার পাওয়ার অভিযোগ ছিল বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনের বিরুদ্ধে। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে বিভিন্ন সরকারি হাসপাতালে নিয়োগ-বদলি, কেনাকাটায় তাঁর অযাচিত হস্তক্ষেপ ছিল ধরাবাঁধা নিয়মের মতো। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সকদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তি এবং নিয়োগ ও কেনাকাটায় জাহিদ যেভাবে বলতেন, সেভাবেই সব হতো। ২০০৮ সালের ২৫ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয় তাঁর। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগেও মামলা করেছে এনবিআর।এই জাহিদ হোসেনকে করা হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, উপদেষ্টা পরিষদের সদস্য ভাইস চেয়ারম্যান মর্যাদা পান। বিভিন্ন সময় অন্তত পাঁচটি ফৌজদারি মামলার আসামিও ছিলেন জাহিদ।দুর্নীতির মামলায় ২০০৮ সালের ১৪ মে ১৪ বছরের কারাদণ্ড হয়েছিল সাবেক ভূমি প্রতিমন্ত্রী শাহজাহান ওমরের। গুলশান থানায় ২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে যে মামলা হয়, ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয় তাঁর। আদালত শাহজাহান ওমরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড হয়।বিএনপির ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে শাহজাহান ওমরকে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ চাঁদাবাজির মামলাও রয়েছে। পাশাপাশি রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে।ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরেই সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমানের নাম লক্ষণীয়। অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০০৭ সালের ২১ জুন ১৩ বছরের সাজা হয় তাঁর। কর ফাঁকির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক এই প্রতিমন্ত্রীকে যুগ্ম মহাসচিবের তালিকায় ওপরের দিকে রাখা হয়েছে অনেক যোগ্য ও জ্যেষ্ঠ নেতাকে বাদ দিয়ে। পৃথক দুটি দুর্নীতির মামলায় ২০ বছরের সাজা হয় সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। ২০০৮-এর ১০ জানুয়ারি আদালত সালাউদ্দিন আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন। আরেকটি দুর্নীতির মামলায় আদালত তাঁকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড, সাড়ে চার কোটি টাকা বাজেয়াপ্ত এবং দুই কোটি টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড হয় সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রীর। বিগত জাতীয় নির্বাহী কমিটিতে কোনো পদে না থাকলেও বর্তমান কমিটিতে তাঁকে রাখা হয়েছে যুগ্ম মহাসচিব হিসেবে। লালবাগ থানায় ১৯৯৭ সালের ১০ ফেব্রুয়ারি একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন পিন্টু। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র দাখিল হয়েছে এবং মামলাটি বিচারাধীন। এ রকম হত্যাচেষ্টা, বিস্ফোরক, অবৈধ অস্ত্র, অপহরণসহ অন্তত ১৩টি ফৌজদারি মামলার আসামি তিনি। লালবাগের সাবেক এই সাংসদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন।২০০২ সালের ১১ জুলাই রাজশাহীর পুঠিয়া উপজেলাধীন বানেশ্বর ডিগ্রি কলেজের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা সভায় ২৪ ভরি ওজনের সোনার মুকুট পরে সমালোচিত হন তত্কালীন সাংসদ নাদিম মোস্তফা। পরে বাংলা ভাই ও তাঁর বাহিনীকে মদদ দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুটি মামলায় তাঁর ১৫ বছরের সাজা হয়। হত্যাচেষ্টা, চাঁদাবাজি, মারপিট, অপহরণসহ অন্তত ১২টি ফৌজদারি মামলা বিচারাধীন আছে তাঁর বিরুদ্ধে। জাতীয় নির্বাহী কমিটির অন্তত গুরুত্বপূর্ণ পদ বলে বিবেচিত ‘বিশেষ সম্পাদক’ করা হয়েছে এই নাদিম মোস্তফাকে।অন্যদিকে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক দুটি দুর্নীতির মামলার আসামি। পাশাপাশি জীবননাশ, চাঁদাবাজিসহ অন্তত সাতটি ফৌজদারি মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে।ডেমরার সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে শ্যামপুর থানায় ২০০৭ সালের ১১ এপ্রিল দুদক মামলা করে। এই মামলায় অভিযোগপত্রও হয়েছে। এ ছাড়া রাজস্ব ফাঁকির অভিযোগেও মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কয়েকটি ফৌজদারি মামলাও আছে। নতুন কমিটিতে তিনি সমবায় সম্পাদকের পদ পেয়েছেন।খোঁজ নিয়ে দেখা গেছে, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। তিনি চাঁদাবাজিসহ অন্তত পাঁচটি ফৌজদারি মামলার আসামি। রাষ্ট্রপতির কোটায় সচিব হওয়া ও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আ ন হ আখতার হোসেনকে করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। আবার বেশ কয়েকটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তৈমুর আলম খন্দকারকে করা হয়েছে সহ-আইনবিষয়ক সম্পাদক। তাঁর বিরুদ্ধে অন্তত পাঁচটি ফৌজদারি মামলাও আছে। মালয়েশিয়ায় অর্থ পাচারের অভিযোগে বিএনপির আমলে অভিযুক্ত ফরিদ আহমেদ ওরফে কাঁকড়া মানিককে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। বাংলা ভাইয়ের পৃষ্ঠপোষক হিসেবে বহুল আলোচিত ও একাধিক দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক মন্ত্রী আমিনুল হককেও নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। দুর্নীতির মামলায় অন্তত ৪০ বছরেরও বেশি সাজাপ্রাপ্ত রাবেয়া সিরাজও ঠাঁই পেয়েছেন নির্বাহী কমিটিতে। একইভাবে হাওয়া ভবনের ঘনিষ্ঠ বলে খ্যাত, একাধিক দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত রশিদুজ্জামান মিল্লাত, চৌধুরী আলম, আরিফুল হক চৌধুরী, নাসের রহমান, আলী আজগার, হাফিজ ইব্রাহিম, মঞ্জুরুল আহসান মুন্সি, কাজী সালিমুল হক, হেলালুজ্জামান ওরফে লালুও কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন। সরওয়ার জামাল নিজাম, আলমগীর মো. মাহফুজউল্লাহ, শহীদুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম, মতিয়ার রহমান তালুকদার, ঢাকার ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের মতো বিতর্কিত ও অভিযুক্তরাও নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে আছেন।অনেকে পুরস্কৃত: সাবেক পররাষ্ট্রসচিব শমসের মুবিন চৌধুরী বিগত নির্বাচনের পর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তাঁকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। অন্যদিকে সাবেক সচিব আবদুল হালিম, সাবিহ্ উদ্দিন আহমেদ, জহুরুল ইসলাম, হায়দার আলী, এম এ কাইউম, সুজাউদ্দিন, খন্দকার শহীদুল ইসলাম বিগত নির্বাচনে বিএনপির গুলশান কার্যালয়ে সার্বক্ষণিক নানা কাজে দলকে সহযোগিতা করেন। ঘোষিত কমিটিতে তাঁরা দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন। আবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদকেও এই পদ দেওয়া হয়েছে।এদিকে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন জাকারিয়া তাহের। তিনি বিএনপির চেয়ারপারসনের বর্তমান গুলশান কার্যালয়ের বাড়ির মালিক। দলে নতুন করে ফিরে এসে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন হামিদউল্লাহ খান। এর আগে নির্বাহী কমিটিতে কোনো পদে না থাকলেও সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এই প্রথম নির্বাহী কমিটিতে জায়গা পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান। এক-এগারোর পরে বিএনপির পক্ষে ভূমিকা রাখায় এবার তাঁকে পুরস্কৃত করা হয়েছে বলে দলের অনেকে মনে করছেন। লন্ডনে তারেক রহমানের দেখভাল করছেন সেখানকার বিএনপির সভাপতি কমরুদ্দিন আহমেদ। ঘোষিত কমিটিতে তিনি আন্তর্জাতিক সম্পাদকের পদ পেয়েছেন।গীতিকার মাজহারুল আনোয়ার বিএনপির ঘনিষ্ঠ হলেও এত দিন আনুষ্ঠানিক পদে ছিলেন না। এবার তাঁকে সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে। সাবেক সাংসদ আফজাল এইচ খান দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও এই প্রথম কেন্দ্রীয় কমিটিতে পদ পেলেন। এক-এগারোর পর বেগম জিয়া ও তারেক রহমানের প্রতিটি মামলায় আইনি সহায়তা দিয়েছেন সানাউল্লাহ মিয়া, নাসিরউদ্দিন ও মাসুদ আহমেদ তালুকদার। সানাউল্লাহ মিয়া গণশিক্ষাবিষয়ক সম্পাদক, নাসিরউদ্দিন মানবাধিকারবিষয়ক আর মাসুদ আহমেদ ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন। এক-এগারোর পর তারেক রহমানসহ গ্রেপ্তার হওয়া বিএনপির অন্য নেতাদের চিকিত্সার ব্যাপারে বিশেষ ভূমিকা ছিল ড্যাব নেতা মাযহারুল ইসলামের। তাঁকে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক করা হয়েছে। আমার দেশ পত্রিকার পরিচালক শাকিল ওয়াহেদ গত নির্বাচনে আখাউড়া-কসবা আসনে বিএনপির মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছিলেন। তাঁকে দলের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক করা হয়েছে। খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আবদুল হামিদ ওরফে ডাবলুকে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। সংগীতশিল্পী আসিফ আকবর নির্বাহী কমিটির সদস্য হয়েছেন।বাদ পড়ছেন যাঁরা: সাবেক মন্ত্রী নাজমুল হুদা, এল কে সিদ্দিকী, মীর শওকত আলী, শাজাহান সিরাজ আগের কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন। তাঁদের বর্তমান কমিটিতে কোনো পদেই রাখা হয়নি। এর আগের কমিটিতে হারিছ চৌধুরী যুগ্ম মহাসচিব ছিলেন। তাঁকেও বাদ দেওয়া হয়েছে। আগের কমিটিতে সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ছিলেন প্রচার সম্পাদক। তিনিও বাদ পড়েছেন। খুলনার সাবেক মেয়র বিগত কমিটিতে বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। সংস্কারপন্থী বিবেচনায় বাদ পড়েছেন তিনি। সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেন আগের কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। এবার জায়গা পাননি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের বহিষ্কারাদেশ কয়েক দিন আগে প্রত্যাহার করা হয়। আগের কমিটির প্রকাশনা সম্পাদক বাবর এবার কমিটিতে জায়গা পাননি। এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে কোনো পদ পাননি আগের কমিটির প্রভাবশালী নেতা জিয়াউল হক, সিরাজুল ইসলাম, জহিরউদ্দিন, আহমেদ মুসা, শামসুল আলম চৌধুরী, জয়নুল আবেদীন, এ কে মজিবুর রহমান, বেগম শামসুন্নাহার খাজা রহমতউল্লাহ, দেলোয়ার হোসেন ওরফে দুলু, খন্দকার বাবুল চৌধুরী, এম এ জলিল, রোকনউদ্দিন মোল্লা, আহমেদ নজীর, এহসানুল কবীর, রেজাবুদৌল্লা চৌধুরী, এম এইচ খান, মহিউদ্দিন খান, লোকমান হোসেন ভূঁইয়া প্রমুখ।পদাবনতি: ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বিএনপিতে যোগ দিয়ে সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছিলেন। এবার তাঁকে করা হয়েছে সহ-তথ্য ও গবেষণা সম্পাদক। আবার বিগত কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদাকে সদস্য রাখা হয়েছে। একইভাবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান। তাঁকে এবার নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।