বিতর্কে কনোকোর সঙ্গে করা পিএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানি কনোকোফিলিপসের সঙ্গে সরকারের স্বাক্ষরিত উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) বণ্টন ও রপ্তানিসহ প্রধান কয়েকটি শর্ত নিয়ে বিতর্ক চলছে। তবে সরকার এখনো পূর্ণাঙ্গ চুক্তিটি প্রকাশ করেনি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘চুক্তির ৯৯ শতাংশই প্রকাশ করা হয়েছে। বাকি ১ শতাংশ সম্পর্কেও আমরা ভেবে দেখেছি। বাণিজ্যিক গোপনীয়তার কারণে তা প্রকাশ করা হয়নি। এ বিষয়টি প্রকাশিত হলে পরবর্তী পিএসসি স্বাক্ষরের প্রক্রিয়ায় অংশ নেওয়া কোম্পানিগুলো কিছু সুযোগ নিতে পারে, যাতে দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।’জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পিএসসি নিয়ে বিতর্ক হতে পারে। তবে বিভ্রান্তির কিছু নেই। কারণ, অতীতের যেকোনো পিএসসির তুলনায় কনোকোর সঙ্গে স্বাক্ষরিত পিএসসি অনেক ভারসাম্যপূর্ণ। এই পিএসসিতে দেশের স্বার্থ অনেক বেশি সংরক্ষিত।’তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য-সচিব অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, কনোকোর সঙ্গে পিএসসি স্বাক্ষরিত হওয়ায় তাঁরা তিনটি বিপদ দেখছেন। এক. দেশের জ্বালানি সম্পদ বিদেশে রপ্তানি হয়ে যাওয়ার বিপদ। দুই. বঙ্গোপসাগরে মজুদ তেল-গ্যাস ক্ষেত্রের অপূরণীয় ক্ষতির আশঙ্কা এবং তিন. বঙ্গোপসাগরকে কেন্দ্র করে রাজনৈতিক-সামরিক উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা। পিএসসি কেন: পিএসসি হচ্ছে কোনো দেশের সরকার ও আন্তর্জাতিক তেল কোম্পানির মধ্যে তেল-গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদনের লক্ষ্যে সম্পাদিত চুক্তি। একেবারে পিএসসিবিরোধী যারা, তাদের দাবি হলো—দেশের কোম্পানিকে দিয়ে গ্যাস তুলতে হবে। যদি সামর্থ্য না থাকে, তাহলে প্রযুক্তি ভাড়া করেও তো করা যায়। সরকারি-বেসরকারি অভিজ্ঞ সূত্রগুলো জানায়, সব ক্ষেত্রে তেল-গ্যাস অনুসন্ধানের মতো আর্থিক ও কারিগরি সামর্থ্য যদি একটি দেশের না থাকে, তাহলে পিএসসির মাধ্যমে তা করা হয়। অনেক ক্ষেত্রে সব রকম সামর্থ্য থাকা সত্ত্বেও, যেমন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ পিএসসি করে। কারণ, পিএসসিতে সংশ্লিষ্ট কোম্পানি অনুসন্ধানের যাবতীয় খরচ ও ঝুঁকি বহন করে। তেল-গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলেও যাবতীয় আর্থিক ব্যয় কোম্পানিকেই বহন করতে হয়। আর আবিষ্কৃত হলে এবং তার উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক প্রতীয়মান হলে তেল কোম্পানি তাদের নিজ খরচে উন্নয়ন ও উৎপাদনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করে। পরবর্তী সময়ে উৎপাদন শুরু হলে কোম্পানি তার বিনিয়োগ ও সম্পাদিত কাজের বিনিময়ে উৎপাদিত গ্যাস বা তেলের একাংশ পায় ব্যয় উশুল করে নেওয়ার (কস্ট রিকভারি) জন্য। ব্যয় উশুল করার ক্ষেত্রে কোম্পানি যে গ্যাস পায়, তা পিএসসিতে নির্ধারিত মূল্যে সরকারের কাছে বিক্রি করতে বাধ্য থাকে। অবশিষ্ট অংশ মুনাফা বা ‘প্রফিট’ হিসাবে সরকার ও ঠিকাদার কোম্পানির মধ্যে ভাগাভাগি হয়। পিএসসি করার অর্থ তেল-গ্যাসক্ষেত্র লিজ বা ইজারা দেওয়া নয়। আন্তর্জাতিক তেল কোম্পানি পিএসসির শর্তানুসারে ঠিকাদার হিসেবে কাজ করে। নিজেরা করলে কী হয়: পিএসসি না করে সরকার নিজে অনুসন্ধান ও উত্তোলন করলে সবচেয়ে ভালো হয়। কারণ, তাতে সব প্রাপ্তি দেশেরই থাকে। কিন্তু সমস্যা হলো—সব রকম অপ্রাপ্তির দায়ভারও নিজেদেরই নিতে হয়। সর্বোপরি কাজের সামর্থ্য, দক্ষ জনবল থাকতে হয়।পেট্রোবাংলা ও বাপেক্সের সাবেক এবং বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তা বলেন, গভীর সমুদ্রে অনুসন্ধানের সামর্থ্য ও দক্ষ জনবল এই মুহূর্তে বাংলাদেশের নেই। তার পরও প্রযুক্তি ভাড়া করে, প্রয়োজনীয় অর্থের সংস্থান করে বাংলাদেশ যদি একটি ক্ষেত্রে অনুসন্ধান করে কিছু না পায়, তাতে বিপুল আর্থিক ক্ষতি হবে। এই ঝুঁকি নেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশের এখন নেই।মূল্য নির্ধারণ: কনোকোর সঙ্গে স্বাক্ষরিত পিএসসিতে গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে সিঙ্গাপুরের বাজারে উচ্চ সালফারযুক্ত জ্বালানি তেলের (এইচএসএফও) মূল্যের ভিত্তিতে। তবে এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টন এইচএসএফওর সর্বোচ্চ মূল্য (সিলিং প্রাইস) ১৮০ মার্কিন ডলার এবং সর্বনিম্ন মূল্য (ফ্লোর প্রাইস) ৭০ মার্কিন ডলার (ধারা ১৫.৭) নির্ধারণ করে দেওয়া হয়েছে।কিন্তু পিএসসিতে নির্ধারিত দামের তুলনায় সিঙ্গাপুর তথা আন্তর্জাতিক বাজারে এইচএসএফওর দাম সব সময়ই বেশি থাকে। যেমন, গত এক মাস সিঙ্গাপুরের বাজারে প্রতি মেট্রিক টন এইচএসএফওর দাম ৫৫০ থেকে ৬৫০ ডলার পর্যন্ত ওঠানামা করছে। দেশে বর্তমানে যে কটি পিএসসি কার্যকর আছে, তার প্রতিটির অধীনেই বাংলাদেশ আন্তর্জাতিক বাজারদরের তুলনায় কম দামে গ্যাস পায়।কনোকোর সঙ্গে স্বাক্ষরিত পিএসসিতে তেল বা কনডেনসেটের (গ্যাসের সঙ্গে থাকা তেল যা প্রক্রিয়াকরণ প্লান্টে আলাদা করা হয়) দাম নির্ধারণের কথা বলা হয়েছে সিঙ্গাপুরের বাজারের তিনটি অপরিশোধিত তেলের এফওবি দামের ভিত্তিতে।গ্যাস বিপণন ও রপ্তানি: পিএসসির আওতায় উৎপাদিত গ্যাসের যে অংশ কনোকো পাবে, তার সব পিএসসিতে নির্ধারিত মূল্যে পেট্রোবাংলার কাছে বিক্রির প্রস্তাব করবে (ধারা ১৫ (৬) (এ)। এই প্রস্তাব বিবেচনার জন্য পেট্রোবাংলা ছয় মাস সময় পাবে। এরপর পেট্রোবাংলা তা কিনতে সম্মত না হলে ঠিকাদার তা দেশের অভ্যন্তরে তৃতীয় পক্ষের কাছে বিক্রির উদ্যোগ নেবে (ধারা ১৫ (৬) (বি এবং সি)।এই দুটি উদ্যোগ ব্যর্থ হলেই কেবল গ্যাস এলএনজিতে রূপান্তর করে রপ্তানি করা যাবে। সে ক্ষেত্রেও এলএনজির বিক্রয় মূল্য, বিক্রির শর্তাবলি এবং ক্রেতা নির্বাচনে পেট্রোবাংলার অনুমোদন নিতে হবে। দেশে গ্যাসের বিপুল চাহিদা রয়েছে এবং এ চাহিদা দিন দিন বাড়ছে। তার ওপর আন্তর্জাতিক বাজারের তুলনায় পিএসসিতে নির্ধারিত মূল্য অনেক কম। ফলে পেট্রোবাংলা গ্যাস না কিনে রপ্তানির সুযোগ করে দেবে এমন আশঙ্কা অনুমাননির্ভর বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এলএনজিতে রূপান্তর করে গ্যাস রপ্তানি করতে হলে ঠিকাদারকে এ জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করতে হবে। এ জন্য আনুমানিক দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে এবং ১৫ টিসিএফের কম গ্যাস মজুদ হলে তা লাভজনক হবে না। তবে কোনো ক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাস এলএনজি করে বিক্রির চুক্তি স্বাক্ষরের পর চুক্তিবদ্ধ সময়কালে গ্যাস বিক্রি একতরফাভাবে বন্ধ করা যাবে না। দেশের জন্য প্রয়োজন হলে সর্বোচ্চ ২০ শতাংশ গ্যাস রপ্তানির আওতাবহির্ভূত রাখা যাবে। তেল-গ্যাসের মূল্য নির্ধারণ ও রপ্তানির বিধান সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ বলেন, কনোকোর সঙ্গে স্বাক্ষরিত পিএসসিতে আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক কম মূল্য নির্ধারণ করায় কোম্পানির আগ্রহ থাকবে রপ্তানির দিকে। বেশি গ্যাস পাওয়া গেলে এলএনজি করে রপ্তানিতেই তাদের মুনাফা হবে বেশি। সরকার ২০১১-১৩ সালের রপ্তানি নীতিতে এলএনজি আকারে গ্যাস রপ্তানির বিধান যুক্ত করায় রপ্তানির আশঙ্কা আরও বেড়েছে।জানতে চাইলে তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পিএসসিতে অনেক কথা আছে। কিন্তু আমাদের ভাগে কোনোদিন মার্কেটেবল গ্যাসের ২০ শতাংশের বেশি হবে না। ৮০ শতাংশই তারা বিনিয়োগ উশুল করার নামে নিয়ে যাবে।’মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘তারা এলএনজি করে রপ্তানি করবে, কিন্তু আমাদের অংশের গ্যাস এলএনজি করে দেবে না। ফলে তা আনতে আমাদের ব্যয় হবে অনেক বেশি।’আগের পিএসসিতে রপ্তানির বিধান: দেশে প্রথম পিএসসি স্বাক্ষরিত হয় ১৯৭৪ সালে। তারপর ধারাবাহিকভাবে ১৯৮৮, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭, ২০০০ এবং ২০০১ সালে পিএসসি স্বাক্ষরের মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন-কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এর প্রতিটি পিএসসিতেই গ্যাস রপ্তানির বিধান ছিল বা আছে। কিন্তু কোনো গ্যাস রপ্তানি হয়নি।এর মধ্যে ১৯৮৮ সালে প্রণীত পিএসসিতে পাইপলাইনের মাধ্যমে এবং এলএনজিতে রূপান্তর করে—এই দুই পদ্ধতিতেই গ্যাস রপ্তানির বিধান ছিল (ধারা ১৪.৪)। ১৯৯৪-৯৫ সালে স্বাক্ষরিত পিএসসিতেও এলএনজি করে গ্যাস রপ্তানির বিধান রয়েছে (ধারা ১৪.৬)। এতে পেট্রোবাংলার কাছে বা দেশের অভ্যন্তরীণ বাজারে অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস বিক্রয়ের বাধ্যবাধকতাও ছিল না। কিন্তু কনোকোর সঙ্গে স্বাক্ষরিত পিএসসিতে গ্যাস এলএনজি করে রপ্তানির আগে পেট্রোবাংলা এবং দেশের মধ্যে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির বাধ্যবাধকতা অনেক বেশি জোরালো করা হয়েছে। উন্নয়ন পরিকল্পনা: পিএসসিভুক্ত ক্ষেত্রে তেল-গ্যাস অনুসন্ধান, উৎপাদন, পরিশোধন, পরিবহন, বিপণন ইত্যাদি যাবতীয় কার্যক্রম ঠিকাদার নিজ দায়িত্বে পরিচালনা করবেন। এ জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান, প্রযুক্তি সংগ্রহ ও যাবতীয় স্থাপনা নির্মাণের দায়িত্ব তাঁর। কোনো তেল-গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলে ঠিকাদার তা উন্নয়নের জন্য পেট্রোবাংলা বরাবর একটি পরিকল্পনা দাখিল করবেন (ধারা ৮.১১)। ওই পরিকল্পনায় কূপ খনন, গ্যাস প্রক্রিয়াকরণ প্লান্ট নির্মাণ, পেট্রোবাংলার গ্যাস পরিমাপ ও গ্রহণের স্থান পর্যন্ত পাইপলাইন স্থাপন, দৈনিক গ্যাস উৎপাদন ও আর্থিক বিষয়াদি অন্তর্ভুক্ত থাকবে। এসব কাজের জন্য ঠিকাদার যে অর্থ ব্যয় করবেন, তা বিনিয়োগ উশুলের প্রক্রিয়ায় পেট্রোবাংলা পরিশোধ করবে। মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমাদের দাবি এলএনজি প্লান্ট বসালে আমাদের অংশও এলএনজি করে দিতে হবে। আর গ্যাসের পরিমাপক কেন্দ্র কোথায় হবে, তা এখনই বলে দিতে হবে।’পিএসসি ব্যবস্থাপনা: পিএসসির আওতায় পরিচালিত সব কার্যক্রম পেট্রোবাংলা ও ঠিকাদার কোম্পানির সমন্বয়ে গঠিত একটি যৌথ ব্যবস্থাপনা কমিটির (জেএমসি) অনুমোদনক্রমে পরিচালিত হবে। ঠিকাদারের প্রস্তাবিত কর্মপরিকল্পনা ও বাজেট জেএমসির কাছে আর্থিক ও কারিগরিভাবে বাস্তবসম্মত এবং যৌক্তিক বিবেচিত হলেই অনুমোদন দেওয়া হয়। পিএসসিসংশ্লিষ্ট সব খরচ ও আয়-ব্যয়ের হিসাব পেট্রোবাংলার নিরীক্ষা কমিটি নিরীক্ষণ করে।এ বিষয়ে তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর বক্তব্য, ‘ওরা যেভাবে চাইবে, আমাদের দুর্নীতিবাজ নিরীক্ষকেরা সেইভাবেই তাদের ব্যয় নিরীক্ষা করে দেবেন।’বিরোধ নিষ্পত্তি: পিএসসির কর্মকাণ্ড পরিচালনাকালে কোনো বিরোধ মীমাংসার প্রয়োজন হলে, তা ‘বাংলাদেশ বিরোধ নিষ্পত্তি আইন ২০০১’ অনুসারে হবে। উভয় পক্ষ সম্মত থাকলে এই বিরোধ নিষ্পত্তি ঢাকায় হতে পারে। অন্যথায় তা সিঙ্গাপুরের আদালতে হবে। তবে মীমাংসা হবে বাংলাদেশের আইনেই। তেল-গ্যাস রক্ষা কমিটির দাবি, এই বিরোধ নিষ্পত্তি বাংলাদেশের আদালতে হতে হবে। দুর্ঘটনার ক্ষতিপূরণ: পিএসসির আওতায় পরিচালিত কর্মকাণ্ড পরিচালনাকালে কোনো দুর্ঘটনায় সম্পদের ক্ষতি হলে, যথাযথ ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় বিমা পলিসি গ্রহণের বাধ্যবাধকতা রাখা হয়েছে (ধারা ১০.১৯)। দুর্ঘটনার জন্য ঠিকাদার কোম্পানির কাজে অবহেলা বা গাফিলতি থাকলে তার কাছে ক্ষতিপূরণ দাবি করা যাবে। তবে এই ধারায় কোম্পানির ‘অদক্ষতা’র শব্দটি বাদ দেওয়া হয়েছে।তেল-গ্যাস রক্ষা কমিটি এই শব্দ বাদ দেওয়ার সমালোচনা করে। আইনজীবী-বিশেষজ্ঞরা কী বলেন: পিএসসি প্রকৃত পক্ষে একটি আইনি দলিল। এর ভাষা, রচনার কৌশল, ব্যাখ্যার ধরন সবই আইননির্ভর। পিএসসি প্রণয়নেও বিশেষজ্ঞ আইনবিদদের পরামর্শ, সহায়তা নেওয়া হয়।সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধানের লক্ষ্যে পেট্রোবাংলার গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি ‘মডেল পিএসসি ২০০৮’ প্রণয়ন করে। ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ত্রিনিদাদ, পূর্ব তিমুর প্রভৃতি দেশের পিএসসি পর্যালোচনা করে এটি যুগোপযোগী করা হয়। এটি প্রণয়নে ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড. পেড্রো ভ্যানের পরামর্শক সহায়তা নেওয়া হয়েছে।তাঁদের পরামর্শে পিএসসিতে দুটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। এক. আগের প্রতিটি পিএসসির শর্ত অনুযায়ী, ঠিকাদারের ওপর ধার্য সব শুল্ক ও কর পরিশোধ করত পেট্রোবাংলা। কনোকোর সঙ্গে স্বাক্ষরিত পিএসসিতে এগুলো ঠিকাদারকে পরিশোধ করতে হবে। দুই. আগের কোনো কোনো পিএসসি স্বাক্ষরের প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক বিডিংয়ের পাশাপাশি অংশগ্রহণকারী কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা (নেগোসিয়েশন) করা হয়েছে। এই পিএসসিতে আলোচনার বিধান তুলে দেওয়া হয়েছে। এই পিএসসি এবং তার ভিত্তিতে কনোকোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি সম্পর্কে মতামত জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব-উল আলম প্রথম আলোকে বলেন, এটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ একটি পিএসসি। এর ভিত্তিতে স্বাক্ষরিত চুক্তির বিরুদ্ধে যেসব বক্তব্য শোনা যায়, তা অনুমাননির্ভর বা কোনো কোনো ক্ষেত্রে আশঙ্কামাত্র। বিপণন ও রপ্তানির বিধান প্রভৃতি সম্পর্কে যে ব্যাখ্যা দেওয়া হয়, তাও সঠিক বলা যাবে না। পিএসসি নিয়ে যুক্তরাজ্য থেকে পিএইচডি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, পিএসসিতে জনস্বার্থবিরোধী কিছু নেই। রপ্তানির যে প্রক্রিয়ার কথা এতে আছে, তা সুদূরতম সম্ভাবনা। গভীর সমুদ্রে অনুসন্ধানের প্রযুক্তি কিংবা লোকবল দেশে বর্তমানে নেই। কিন্তু রাজনৈতিক, অর্থনৈতিক দুই কারণেই এখনই সমুদ্রসীমায় অনুসন্ধান শুরু করা জরুরি। গভীর সমুদ্রে অনুসন্ধানে কিছুটা বেশি প্রণোদনা দিতে হয়। এসবই ঠিক আছে। তবে চুক্তিটি যত তাড়াতাড়ি সম্ভব জনগণকে জানানো উচিত বলে মনে করেন তিনি।